প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:৪০ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জুটির বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ভালোবাসার চতুষ্কোণ’, ‘প্রেম তুমি’, ‘শেষ পর্যন্ত’, ‘বাউণ্ডুলে’, ‘আদিত্যের মৌনতা’, ‘বাসস্টপ’, ‘বিনি সুতোর টান’, ‘কাচের পুতুল’, ‘বিফোর রিলেশনশিপ’, ‘উৎসর্গ’, ‘মুখোশ’, ‘তোমার জন্য এক পৃথিবী’, ‘তুমি নাই’, ‘ডিস্ক’, ‘বাবুর্চি’।
অনেক দিন তাদের একসঙ্গে দেখা যায় না। সেই বিরতি ভেঙে ফিরছেন তারা। মহিউদ্দিন খালেদের গল্পে, ব্রত রায় ও এসআর মজুমদারের চিত্রনাট্যে ‘ফুল ফোটানোর দিন’ নামের নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মম। নাটকটি নির্মাণ করেছেন এসআর মজমুদার। এটি আগামী ঈদে মাছরাঙা টিভিতে প্রচার হবে।
এরই মধ্যে নাটকটি নিয়ে অপূর্ব-মম জুটির ভক্ত-দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এর আগেও এসআর মজুমদারের বেশ কয়েকটি নাটকে আমি অভিনয় করেছি। বলা যায় প্রতিটি নাটকে অভিনয়ের জন্য আমি বেশ সাড়া পেয়েছি। এসআর মজুমদারের নাটকে সমাজের জন্য কোনো না কোনো মেসেজ থাকে। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালো লাগে। এই নাটকটিরও গল্প আশা করছি ভালো লাগবে। আর আমার এবং মম অভিনীত অনেক নাটক এর আগে দর্শকপ্রিয়তা পেয়েছে। বেশ কিছুদিন পর মমর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে কি, যাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার তাদের সঙ্গে কাজ করলে অভিনয়টা উপভোগ্য হয়ে ওঠে। মম সব সময়ই আমার তেমনই একজন সহশিল্পী, যার সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে।’
এদিকে কিছুদিন আগে মুক্তি পায় মম অভিনীত খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। সম্প্রতি তিনি আবুল হায়াতের পরিচালনায় ‘ওলটপালট’ নাটকেও অভিনয় করেছেন। এদিকে অপূর্ব এরই মধ্যে রুবেল হাসানের পরিচালনায় ‘প্রিয় পরিবার’ নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন তারিন জাহান। এবারের ঈদে এ নাটকটি নিয়ে অপূর্ব ভীষণ আশাবাদী। কারণ এতে তিনি একজন বৃদ্ধ বাবার চরিত্রে অভিনয় করেছেন।