প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:৩৫ পিএম
২০২১ সালের একটি ঘটনা পুরো বলিউডকে নাড়িয়ে দেয়। সে বছরের অক্টোবরে হঠাৎ খবর বের হয় বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় অনেকেই বেশ অবাক হন।
সে বছর মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরি ‘কর্ডেলিয়া’য় মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হন আরিয়ান খান। ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা গ্রেপ্তার করে তাকে। মাসখানেক জেলবন্দি থাকতে হয় শাহরুখপুত্রকে। সে সময় পাশে দাঁড়ান শাহরুখের বিশ্বস্ত বন্ধু তারকা অভিনেত্রী জুহি চাওলা। মাসখানেক পর ১ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনে ছাড়া পান আরিয়ান। যদিও সেই ঘটনার মাস কয়েক পর আরিয়ানকে মামলা থেকে মুক্তি দিয়ে দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা। খান পরিবারের বিপদের দিনে অনেকেই এগিয়ে আসেন, তবে যিনি সাতপাঁচ না ভেবে তাদের কঠিন সময়ে বল জোগান, তিনি জুহি চাওলা।
এ ঘটনার প্রায় বছর কেটে গেছে। ঝড় থেমে গেছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে খান পরিবার। তবে তাদের কঠিন সময়ে কেন সাহায্য করেছিলেন, মুখ খুললেন জুহি। অভিনেত্রী জানান, যা হয়েছে তা একেবারে অপ্রত্যাশিত। জুহির কথায়, ‘আমরা জানতাম না এমন কিছু অপেক্ষা করে আছে। সে সময় দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়, সেটাই করেছি।’
জুহি আরও জানান, সাম্প্রতিক সময়ে শাহরুখের সঙ্গে তার দেখা তেমন একটা হয় না। তবে তার স্বামী জয় মেহতার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলিউড কিংয়ের।
জুহি চাওলা ও শাহরুখ খান ভারতীয় ক্রিকেট প্রিমিয়ার লিগের [আইপিএল] ‘কেকেআর’ দলের মালিকানায় আছেন। কিছুদিন আগে কেকেআরের একটি ম্যাচে জুহি-শাহরুখ মাঠে উপস্থিত ছিলেন। সে সময় স্টেডিয়ামে হুট করে বেজে ওঠে তাদের অভিনীত ‘ফির বি দিল হে হিন্দুস্তানি’ সিনেমার একটি গান। গানটি যখন বেজে ওঠে, তা বেশ অবাক করেছিল জুহিকে। তিনি তখন শাহরুখকে বলে ওঠেন, ‘এতদিন পরও মানুষ সিনেমাটিকে মনে রেখেছে, কীভাবে সম্ভব?’
আসলে শাহরুখের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব জুহির। অভিনয়জগতের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন একসঙ্গে কেকেআরের মালিকানা সামলাচ্ছেন তারা। এক কথায়, জুহি শাহরুখের সময়-অসময়ের বন্ধু।