× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ‘অন্যদিন'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪০ পিএম

এবার জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ‘অন্যদিন'

কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’ সিনেমাটি এবার সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। উৎসবের গোল্ডেন আই পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে ১৪টি চলচ্চিত্র, যার অন্যতম ‘অন্যদিন'।

ইতোমধ্যে উৎসবে ছবিটির প্রদর্শনীতে উপস্থিত থাকতে এর নির্মাতা এবং প্রযোজককে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি সেপ্টেম্বরে হতে যাওয়া আরও দুটি উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসব  ক্যামডেন ও ভ্যানকুভারে আমন্ত্রিত হয়েছিল ছবিটি।  ক্যামডেনের উদ্দেশে রওনা হওয়ার পূর্বে একই মাসে পরপর তিনটি উৎসবে আমন্ত্রণ কামারকে ফেলেছে এক মধুর সমস্যায়। ভ্যানকুভার ও জুরিখে উৎসবের তারিখ কাছাকাছি হওয়ায় ভ্যানকুভারের এত কাছে গিয়েও উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিতে পাচ্ছেন না তিনি। ‘অন্যদিন’ ছবিটি নিয়ে কামার বলেন, ‘হাইব্রিড ফিকশন ব্লেন্ডেড উউথ রিয়েলিটি’ বা ‘সত্য গল্প’।

দশ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন কামার। সেখানে প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আর দ্বিতীয় ছবি ‘অন্যদিন’ । লোকার্নোর ওপেন ডোর্স এবং জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী ছবি ছিল ‘শুনতে কি পাও!' প্যারিসে সিনেমা দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পুরস্কার জয় করেছিল ছবিটি।

এদিকে গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফা’র মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন’। ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল দুনিয়ার সুন্দরতম থিয়েটার আমস্টারডামের পাথে তুসান্সকিতে। ইডফার ওয়েবসাইটে ‘অন্যদিন’কে লেখা হয়েছিল ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। 

এর আগে মার্চে নিউইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমির ফার্স্ট লুক ফেস্টিভ্যালে মাত্র ১৮টা নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল ‘অন্যদিন’। উৎসব শুরু হয়েছিল কানে ক্যামেরা দ্যর বিজয়ী ক্রোয়েশিয়ান মুরিনা দিয়ে; আর শেষ হয় লোকার্নোতে গ্র্যান্ড প্রি বিজয়ী পোলিশ ছবি ব্যালকনি দিয়ে। মমির ওয়েবসাইটে ‘অন্যদিন’ -এর সেগমেন্টকে বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে। গেল জুনে ‘অন্যদিন’ ছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম--ইংক তখন ‘অন্যদিন’ নিয়ে লিখেছিল, ‘ছবিটি সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত’।

২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন’-এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে নারাজ কামার। এ ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিল কামারকে। একই সাথে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইস।

২০১৬ সালে পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ। স্ক্রিন ডেইলি ‘অন্যদিন’-এর রিভিউতে লিখেছে ‘সিডাকটিভ’ আর ভ্যারাইটি লিখেছে ‘কৌতুকপূর্ণ কিন্তু বিবেক নাড়া দেওয়া সিনেমা’।


প্রবা/এলএ/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা