প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:০০ পিএম
বলিউডে ইতিহাস সৃষ্টি করেছে শাহরুখের পাঠান। চার বছর পর বড় পর্দায় কামব্যাক করতেই বলিউডে একের পর এক নজির গড়েছেন কিং খান। এক হাজার কোটি রুপির অঙ্ক পেরোনো এই সিনেমা আয়ের নিরিখে গড়েছে একের পর এক রেকর্ড। তবে এর মধ্যে আলোচনায় আছে তার আসন্ন সিনেমা ‘জওয়ান’। চলতি বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবিটির শাহরুখের ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে অনেক দিন আগেই। রক্তমাখা গোটা মুখে ব্যান্ডেজ বাঁধা। অ্যাকশনে ভরপুর জাওয়ানে ফের নতুন দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ। সে কথা বলার কোনো অবকাশই নেই। সেই সঙ্গে রয়েছে আরও এক বিশেষ চমক। জাওয়ানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন আল্লু অর্জুনÑ এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
পাঠানের সাফল্যের মাঝেই জওয়ান নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে ফের নতুন করে একটা উন্মাদনা কিন্তু তৈরি হয়েছে। আর সেই উত্তেজনার পারদকে উস্কে দিল বলিউডে পুষ্পারাজের ডেব্যুর খবর। বড় পর্দায় মুক্তির পর বক্স অফিসে পুষ্পা ম্যানিয়া ছিল চোখে পড়ার মতো। একাধিক ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল আল্লু অর্জুনের ছবি।
তবে জওয়ান সিনেমায় আল্লু অজুর্নের যুক্ত হওয়া নিয়ে ছিল অনেক গুঞ্জন। শুরুতে তিনি এই সিনেমায় অভিনয় করবেন খবর বেরোনোর পর শোনা গিয়েছিল পুষ্পা টু সিনেমার শুটিংয়ের জন্য শাহরুখের সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পুষ্পারাজ। তবে এমন গুঞ্জন যে মিথ্যা ছিল, তা এখন ভালোভাবেই স্পষ্ট।
প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’ ছবিটি ভারতের বিভিন্ন প্রান্তে শুট করা হয়েছে। এর মধ্যে আছে পুনে, মুম্বাই, হায়দরাবাদ ও চেন্নাই। শাহরুখের অংশের শুটিং এর মধ্যে শেষ হয়েছে। চলতি বছরের জুনে ছবিটি মুক্তি পাওয়ার কথা জানা যায়। তবে নির্মাতাদের কাছ থেকে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জাওয়ান ছবিতে আল্লু অজুর্নের ক্যামিও চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই সামাজিক যোগোযোগমাধ্যমে জানিয়েছে, ছবিটি মুক্তির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।