প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৩২ পিএম
দেশের জনপ্রিয় সফট রক ব্যান্ড মেঘদল। দলটি দীর্ঘ সময় ধরে নিজেদের তৃতীয় অ্যালবামের কাজ করে যাচ্ছে। প্রায় পাঁচ বছর ধরে নিজেদের ইউটিউব চ্যানেলে একটি একটি করে নতুন অ্যালবামের গান মুক্তি দিচ্ছে দলটি। ইতোমধ্যেই তৃতীয় অ্যালবামের ছয়টি গান মুক্তি দিয়েছে মেঘদল। এবার আসছে এর টাইটেল ট্র্যাক। যার নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। জানা গেল, এ নামেই আসবে মেঘদল ব্যান্ডের তৃতীয় অ্যালবাম।
এ অ্যালবামটির প্রথম গান মুক্তি পায় ২০১৮ সালে। এরপর দলটি ধারাবাহিকভাবে প্রতিবছর একটি-দুটি করে গান মুক্তি দিয়ে যাচ্ছে। এবার আসছে অ্যালবামের শিরোনাম সংগীত। নতুন গান নিয়ে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় দলটির লিড গিটারিস্ট ও ভোকাল রাশীদ শরিফ সোয়েবের। তিনি বলেন, ‘এই অ্যালবামের প্রথম গান ‘এসো আমার শহরে’ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর গানটি নিয়ে শ্রোতাদের থেকে যে ভালোবাসা পেয়েছে তা অকল্পনীয়। এবার আসছে এই অ্যালবামের টাইটেল ট্র্যাক। ‘অ্যালুমিনিয়ামের ডানা’ এর নাম। মিউজিক ভিডিও আকারে গানটি আমাদের ইউটিউব চ্যানেলে সামনের মাসের শুরুতেই মুক্তি দেওয়া হবে।
আশা করি, নতুন এই গানটি সবার কাছে ভালো লাগবে। অনেক দিন যারা নতুন গানের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি ঈদ উপহার।
এভাবে একটি একটি করে অ্যালবাম মুক্তি দেওয়ার কারণ জানতে চাইলে সোয়েব বলেন, ‘আমাদের নতুন অ্যালবাম নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি আমরা। সেখান থেকেই একটি গান এবার রিলিজ দিতে যাচ্ছি। এখন পর্যন্ত মোট ৬টি গান মুক্তি পেয়েছে। অ্যালবামে মোট ১১টি গান রাখার চেষ্টা চলছে। আর এভাবে অ্যালবাম মুক্তি দেওয়ার কারণ হচ্ছে সাম্প্রতিক অডিও ইন্ডাস্ট্রির বাস্তবতা। অ্যালবাম আকারে গান প্রকাশের ছলটা তো আসলে নেই। সবাই একটা করে গান নিয়ে আসে, ভিডিওসহ। আমরা চাইছি একটা করে গান আসুক। কিন্তু সেটা হবে একটি অ্যালবামের জন্য। আশা করছি, ২০২৪ সাল নাগাদ আমাদের পূর্ণাঙ্গ অ্যালবাম মুক্তি পেয়ে যাবে। সে পরিকল্পনা নিয়েই আমরা গান করে যাচ্ছি।’
এর আগে মেঘদল দুটি অ্যালবাম মুক্তি দেয়। তার মধ্যে ২০০৪ সালে মুক্তি পায় ‘দ্রোহের মন্ত্রে ভালোবাসা’। এরপর ২০০৯ সালে বের হয় দ্বিতীয় অ্যালবাম ‘শহরবন্দী’। এ ছাড়া ২০০৭ সালে ‘নিওন আলোয় স্বাগতম’ নামে আরও একটি মিশ্র অ্যালবাম বের করে দলটি। মেঘদলের বর্তমান লাইন আপ মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ, গিটার), শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), রাশীদ শরিফ সোয়েব (লিড গিটার, কণ্ঠ), এমজি কিবরিয়া (বেইজ), আমজাদ হোসেন (ড্রামস), তানভির দাউদ রনি (কী-বোর্ডস) ও সৌরভ (বাঁশি)।