প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৪০ পিএম
সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় কমেডি সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মাইসেল’-এর শেষ কিস্তি মুক্তি পেতে যাচ্ছে। গতকাল ভারতীয় গণমাধ্যম দ্য পিংকভিলা সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সিরিজের শেষ কিস্তি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে সিরিজটির চারটি সিজন প্রকাশ পেয়েছিল। প্রতিটি সিজন পেয়েছিল দর্শকপ্রিয়তা। তাই নতুন সিজন নিয়েও দর্শকের আশার পারদ তুঙ্গে।
২০১৭ সালে দ্য মার্ভেলাস মিসেস মাইসেলের প্রথম সিজন প্রকাশ্যে আসে। এর পর থেকে একাধিক নামকরা পুরস্কার জয় করে নেয় সিরিজটি। নাটকীয়তা ও কমেডিতে ভরপুর সিরিজটি বিশ্বজুড়ে আদায় করে নিয়েছে প্রশংসা। এর মধ্যে সিরিজটি ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’, ‘ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডস’, ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’, ‘প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডস’-এর মতো পুরস্কার জিতে নেয়।
সিরিজটির নতুন সিজন ১৪ এপ্রিল অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। ওইদিন সিরিজটির নতুন সিজনের প্রথম তিনটি পর্ব অবমুক্ত করা হবে। এরপর পঞ্চম সিজনের প্রতিটি পর্ব প্রতি রবিবার মুক্তি পাবে। ২৬ মে (শুক্রবার) মৃক্তি পাবে সিজনটির শেষ পর্ব। মিজ মাইসেলকে কেন্দ্র করে সিরিজটির ঘটনাপ্রবাহ সাজানো হয়েছে। এ চরিত্রে অভিনয় করছেন তারকা অভিনেত্রী রাচেল ব্রোসনাহান।
প্রসঙ্গত, ১৯৯০ সালে জন্ম নেওয়া রাচেল ব্রোসনাহান একজন মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী। দ্য মার্ভেলাস মিসেস মাইসেলে উদীয়মান স্ট্যান্ডআপ কৌতুকাভিনেত্রী মিরিয়াম ‘মিজ’ মেইজেল চরিত্রে অভিনয়ের জন্য দুনিয়াজুড়ে খ্যাতি পান তিনি। এর জন্য তিনি ২০১৮ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম অ্যামি পুরস্কার এবং ২০১৮ ও ২০১৯ সালে টানা দুবার শ্রেষ্ঠ সংগীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তিনি নেটফ্লিক্সের সিরিজ হাউস অব কার্ডস (২০১৩-১৫)-এ অভিনয়ের জন্য প্রাইমটাইম অ্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ডব্লিউজিএনের নাট্যধর্মী সিরিজ ম্যানহাটন (২০১৪-১৫)-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
দি আনবর্ন (২০০৯) সিনেমা দিয়ে ব্রোসনাহানের চলচ্চিত্রে অভিষেক ঘটে। এ ছাড়া তিনি বিউটিফুল ক্রিয়েচার্স (২০১৩), লাউডার দ্যান বম্বস (২০১৫), দ্য ফাইনেস্ট আওয়ার্স (২০১৬) ও প্যাট্রিয়টস ডে (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন।