প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম
দেশের জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। বিশেষ করে চিকিৎসক এই অভিনেতা প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত নাটক-সিনেমাগুলো দিয়ে আলাদা করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। মজার মজার সব চরিত্রে অভিনয় করে বাংলার দর্শককে মাতিয়েছেন তিনি। তা আজও চলমান। একজন জনপ্রিয় অভিনেতা পরিচয়ের বাইরে একজন নির্মাতাও তিনি। মাঝেমধ্যেই নাটক নির্দেশনা দিয়ে থাকেন।
এরই মধ্যে তিনি একটি নাটক নির্মাণ করেছেন। নাম চূড়ান্ত না হওয়া নাটকটিতে তিনি নিজেও অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিলন ভট্টাচার্য্য, সানজিদা মিলাসহ অনেকে।
ডা. এজাজুল ইসলামের সহশিল্পী হিসেবে নাটকটিতে দেখা যাবে সানজিদা মিলাকে। তিনি ডা. এজাজুল ইসলামের সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ছোটবেলা থেকে যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লাগার একজন মানুষ, তিনি অভিনেতা ডা. এজাজুল ইসলাম। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তার পরিচালনায় তারই সঙ্গে অভিনয় করাটা দারুণ ব্যাপার। সত্যি কথা বলতে ভালো লাগার পরিমাণটা লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। একজন ভালো মানসিকতার মানুষের সঙ্গে কাজ করার প্রশান্তিই আলাদা। একজন এজাজুল ইসলামের সঙ্গে অভিনয় করতে পারার মধ্যে যেমন ভালো লাগা আছে, ঠিক তেমনি তার সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতেও পারব। আমি তার মতো যারা অভিনয়ে নিবেদিতপ্রাণ তাদের সঙ্গে বেশি বেশি কাজ করে নিজেকে অভিনয়ে সমৃদ্ধ করতে চাই।’
ডা. এজাজ বলেন, ‘চেষ্টা করেছি একটি উপভোগ্য নাটক তৈরি করতে। দর্শক যদি আনন্দ পান, সেটাই হবে সাফল্য।’ ডা. এজাজ নিশ্চিত করলেন, নাটকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচার করা হবে।