× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াশের নায়িকা হয়ে ফিরছেন কুসুম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:৪২ পিএম

ইয়াশের নায়িকা হয়ে ফিরছেন কুসুম

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা ইয়াশ রোহান। ছোট থেকে বড় পর্দায় সব জায়গায় দেখা যায় তাকে। কাজ করছেন সময়ের জনপ্রিয় সব অভিনেত্রীদের সঙ্গে। সে তালিকায় আলোচিত পরীমনি থেকে প্রশংসিত নুসরাত ইমরোজ তিশা সবাই আছেন। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি কুসুমের কামব্যাক সিনেমা। দীর্ঘদিন পর এটা দিয়ে রুপালি পর্দায় ফিরছেন তিনি। সিনেমার নাম ‘শরতের জবা’। 

তবে বড় চমকটি হলো এই সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে নাম লেখালেন তিনি। এটি দিয়ে প্রযোজক হিসেবেও যাত্রা করতে যাচ্ছেন তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্স থেকে ‘শরতের জবা’ সিনেমাটি বানাবেন তিনি। এরই মধ্যে খবরটি বেশ সাড়া ফেলেছে। কুসুমের মতো অভিজ্ঞ অভিনেত্রীর নির্মাতা ও প্রযোজক হয়ে ওঠাকে সমর্থন করছেন শোবিজের মানুষরা। 

চমক এখানেই শেষ নয়। অভিনয়, নির্মাণ ও প্রযোজনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় কুসুম শিকদারের গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’। ‘শরতের জবা’ গল্পটি সে গ্রন্থ থেকেই নেওয়া। সবকিছু মিলিয়ে বলা চলে অনেক চমক নিয়ে সিনেমায় ফিরছেন কুসুম শিকদার। তার প্রত্যাবর্তন ঘিরে ছড়িয়েছে তার ভক্ত-অনুরাগীদের প্রত্যাশাও।

নিজের ফিরে আসা ও নতুন পরিচয় নিয়ে কুসুম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শরতের জবা’ সিনেমাটি আমার জীবনের নতুন একটি পরিচয় এনে দিয়েছে। এই সিনেমা দিয়ে আমি নির্মাতা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছি। তাই এই প্রজেক্টটি আমার জন্য অনেক স্পেশাল। এ সিনেমায় অনেক দায়িত্বই আমাকে পালন করতে হয়েছে। অভিনয় ও নির্মাণের পাশাপাশি এটি প্রযোজনা করেছি।

এত দায়িত্ব এক সঙ্গে সামলাতে সমস্যা হয়নি? জবাবে কুসুম শিকদার বলেন, ‘আমি সবকিছু গুছিয়েই মাঠে নেমেছিলাম। দায়িত্ব বেশি হলে পরিশ্রমটা তো বেশি হবেই। তবে আমি উপভোগ করেছি। আমার টিমটা খুব ভালো ছিল। সহায়তা করেছে সবাই সবার জায়গা থেকে। সত্যি কথা বলতে এই সিনেমাটি আমাকে অনেক আনন্দিত করেছে, আমার অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি একসময় স্বপ্ন দেখতাম আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান হবে। এই সিনেমার হাত ধরে সেটা হয়েছে। ইতোমধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন করেছি। এখন ডাবিং চলছে। এরপর এডিটিং শুরু হবে।’ 

সিনেমার শুটিং ও মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, ‘শরতের জবা’ সিনেমার শুটিং আমার দাদা বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে হয়েছে। সেখানের কথা মাথায় রেখেই আমাদের গল্প লেখা হয়েছে। বাকিটা সিনেমা মুক্তির পড়ে সিনেমাটি দেখে সবাই জানতে পাড়বে। তবে মুক্তির বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা যাচ্ছে না। অনেক কাজ এখনও বাকি আছে। সেগুলো শেষ হলেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।’ 

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন নির্মাতা সুমন ধর। এতে ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ। 

‘শরতের জবা’ সিনেমার সংগীত আয়োজনে দেখা যাবে ইমন চৌধুরী ও সন্ধিকে। যার মধ্যে একটি গানের শুটিং ও রেকর্ড সম্পন্ন হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

সর্বশেষ ২০১৮ সালে কুসুম শিকদার অভিনয় করেছিলেন নাটকে। হানিফ সংকেতের পরিচালনায় সে নাটকের নাম ‘শেষ অশেষের গল্প’। এরপর কোনো নাটক-সিনেমায় দেখা যায়নি তাকে। তার আগে বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা