বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:১১ পিএম
নায়িকা হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। বেশ কিছু সিনেমা তিনি উপহার দিয়েছেন, যেগুলো ব্যবসাসফল ও প্রশংসিত। আরও কিছু ছবিতে মূল ভূমিকায় অভিনয় করে মজবুত অবস্থান গড়ে নিয়েছিলেন তিনি। অ্যাকশনধর্মী ছবির নায়িকা হিসেবে তার গ্রহণযোগ্যতা ছিল অনেক। তবে মাঝে লম্বা বিরতিতে ক্যারিয়ারে ভাটা পড়ে। আবারও ফিরে এসেছেন সিনেমায়। চেষ্টা করছেন নতুন উদ্যমে। সেই প্রচেষ্টার তালিকায় নায়িকা মুনমুনের আপকামিং মুভি ‘রাগী’।
এখানে তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। এর আগে কখনও এমন চরিত্রে কাজ করেননি জানিয়ে তিনি বলেন, ‘ভিলেন হয়ে কাজ করতে গিয়ে কটুক্তি শুনতে হয়েছে। অনেকে মেনেই নিতে পারেননি যে আমি ভিলেন হব। তারা বলেন, মহিলা ভিলেনের সিনেমা এ দেশে কখনও চলে না। আবার কেউ বলেছে আমি নায়িকা, ভিলেন চরিত্রে পারব না। সেই জিদ থেকে সিনেমায় নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি।’
‘রাগী’ ছবির গল্প প্রসঙ্গে মুনমুন বলেন, ‘ছবির গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইলটা আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও না। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস।’
সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে মুনমুনকে ঘিরে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে।
প্রসঙ্গত, মধ্যবিত্ত পরিবারের তিন ছেলে, ছেলেদের নিয়ে বাবা স্বপ্ন দেখেন, একদিন তারা মানুষের মতো মানুষ হবে। স্বপ্ন বোনেন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর আরেকজন পুলিশ হবে। নানা বাস্তবতার বেড়াজালে পরবর্তীতে তার স্বপ্ন কীভাবে ভেঙে যায়। সেই প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি।
সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেনÑআঁচল ও আবির। এ ছাড়া অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মুনমুন, মারুফ, সনি রহমান, কাজী হায়াতসহ অনেকে।