প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:২১ পিএম
দেশের জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদল ভাইব। ২০০১ সালে তাদের যাত্রা শুরু হয়। শুরু থেকে ঢাকা শহরে ছোট ছোট মিউজিক্যাল প্রোগ্রামে পারফর্ম করতে দেখা যেত তাদের। এর পর দলটি দেশের মেইনস্ট্রিম ব্যান্ড হওয়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করে। যার ফলস্বরূপ ২০০৩ সালে তারা নিজেদের প্রথম অ্যালবাম ‘আগন্তুক ১’ মুক্তি দেয়। প্রথম অ্যালবাম দিয়ে ভাইব বুঝিয়ে দেয় তারা দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান করতে এসেছে।
তাদের মিউজিকের ধরনের গানের কথা দেশের ব্যান্ড শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাই সে সময়ের রেডিও চ্যানেলগুলোতে নিয়মিত এই দলটির গান শুনতে পেতেন ভক্তরা। এর পর অল্প সময়ের মধ্যেই ভাইব সিদ্ধান্ত নেয় ‘আগন্তুক’- এর সঙ্গে ১, ২, ৩ জুড়ে তিনটি অ্যালবাম তৈরি করার। যা পরে আর সম্পন্ন করতে পারেনি দলটি।
এর পর ভাইব সর্বশেষ তাদের অ্যালবাম ‘ চেনা জগৎ’ নিয়ে কাজ শুরু করে। জি-সিরিজের ব্যানারে এই অ্যালবামটি দিয়ে ২০০৭ সালে ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দেয় দলটি। অ্যালবামের ‘বিধাতার রঙে আঁকা’, ‘ চেনা জগৎ’ ও ‘অধরা’ গানটি এখনও ব্যান্ড সংগীতপ্রিয় শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
‘চেনা জগৎ’ অ্যালবামে মোট ১১টি গান ছিল। যার মধ্যে রক ও মেটাল ধাঁচের মিউজিক দিয়ে সবগুলো গান সাজানো হয়। গানের শিরোনাম ছিলÑ স্বপ্নদেব, শেষের ওপাশে, বিধাতার রঙে আঁকা, চেনা জগৎ, অধরা, মনে পড়ে, আশার প্রদীপ জ্বেলে, উড়ে চলে যায়, আমার সংবিধান, অবাক সব স্বপ্ন এবং নস্টালজিয়া।
এর পর ১৫ বছর পেরিয়ে গেলেও দলটির নতুন কোনো অ্যালবামের কার্যক্রম চোখে পড়েনি। বর্তমানে দলটির সব সদস্য দেশের বাইরে অবস্থান করছেন। যার কারণে তাদের এক সঙ্গে নতুন কোনো কাজ করা হয়নি বলে জানান ব্যান্ডটির ম্যানেজার কামরুল। তিনি বলেন, ‘ভাইব দলটির বর্তমান অবস্থা নিয়ে সবাই জানতে চায়। বিশেষ করে ভক্তরা তো প্রতিনিয়ত আমাকে কল দিয়ে জানতে চায় কে কোথায় আছে, কবে নতুন গান আসবে, নতুন অ্যালবামের খবর কি? এ বিষয়ে তাদের আমি একটি সুসংবাদ দিতে পারি সেটি হলো আমরা আবার নতুন করে ফিরছি। সেই প্রস্তুতিই চলছে। দলের সবাই এখন দেশের বাইরে। চাইলেও এক সঙ্গে কিছু করা সম্ভব না।
কিন্তু ব্যান্ড মিউজিক হচ্ছে সম্মিলিত একটি সংগীত। সেখানে সবার উপস্থিতি জরুরি। সবাইকে নিয়েই একটি গান নির্মাণ করা হয়। তাই ভাইব ব্যান্ডের মেম্বারদের এ বছর একত্রিত হওয়ার একটি পরিকল্পনা রয়েছে। যদি সেটি ব্যাটে-বলে হয়ে যায়, তা হলে নতুন কিছু দর্শকদের পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।’
ব্যান্ডের সদস্য বদলানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত নতুন সদস্য দিয়ে ব্যান্ড চালিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। পুরোনো সদস্যরাই দলটি চালাবেন। নতুন সদস্য নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
ভাইব ব্যান্ডের বর্তমান সদস্য সংখ্যা পাঁচ জন। তারা হলেন সাব্বির হোসেইন তূর্য। তিনি ক্রিপ্টিক ফেইটের ড্রামস বাদক; রিবর্ন, গ্রুভ ট্র্যাপ ব্যান্ডে ড্রামার হিসেবে কাজ করছেন। সালেহ হাসান অনি গিটারিস্ট। তিনি বর্তমানে লন্ডনে বাস করেন। শুদ্ধ ফুয়াদ সাদী। তিনি দলটির গিটার ও ভোকালে কাজ করেন। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। ওয়ালী মোহাম্মাদ আকবার বাজান কিবোর্ড। বর্তমানে পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন দেশেই। সাবের আহমেদ খান দলটির বেজ গিটারিস্ট। অ্যানিমেশন নিয়ে পড়ালেখা শেষ করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।