× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২২ কোটি টাকার বিএফডিসি কমপ্লেক্স চালু হবে কবে?

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:৫২ পিএম

৩২২ কোটি টাকার বিএফডিসি কমপ্লেক্স চালু হবে কবে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তার সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই গড়ে ওঠে চলচ্চিত্র তৈরির কারখানাটি। রাজধানীর কারওয়ানবাজার রেললাইন ঘেঁষা বিশাল জায়গাজুড়ে এই এফডিসির অবস্থান। পাকিস্তান আমল থেকে আজ অবধি এখানে হাজার হাজার সিনেমা তৈরি হয়েছে।

এখানে বিচরণ করেছেন জহির রায়হান, খান আতা, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, এহতেশাম, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, আনোয়ারা, সুমিতা দেবীর মতো ব্যক্তিত্বরা। এখানেই তৈরি হয়েছেন বাংলাদেশের সিনেমার কিংবদন্তি নায়ক রাজ্জাক, সুচন্দা, কবরী, শাবানা, আলমগীর, ফারুক, শবনম, সোহেল রানা, ববিতা, রোজিনা, হুমায়ুন ফরীদি, ইলিয়াস কাঞ্চনেরা। এখানে শুটিং করেই ইমন হয়েছেন অমর নায়ক সালমান শাহ, নূপুর হয়েছেন শাবনূর। বহু হিট ও কালজয়ী সিনেমার সাক্ষী এই এফডিসি। বহু ঘটনা ও পট পরিবর্তনের সুবাসও লেগে আছে এখানকার দেয়ালে-ঘাসে।

সময়ের স্রোতে সিনেমার সেই জৌলুসের দিন আর নেই। এফডিসিতেও শুটিংয়ের সেই রমরমা অবস্থা নেই, হাঁকডাক নেই। পুরোনো, জীর্ণ বিল্ডিংগুলো যেন মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে সুদিনের সাক্ষী হয়ে। 

সেই প্রাচীন এফডিসির বুকেই এবার লাগতে চলেছে ডিজিটাল যুগের আধুনিক ছোঁয়া। বিশাল বাজেটে নির্মাণ হচ্ছে এফডিসি কমপ্লেক্স। এটা আসলে মাল্টি কমপ্লেক্স। এক সঙ্গে অনেক কিছু থাকবে। কয়েক বছর ধরে আলোচনায় আছে বহুতল ভবনটি। অনেকে অবশ্য বিরোধিতাও করেছিলেন। তারা বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসির নকশা পাল্টে দিতে চান না। তারা বহুকাল ধরে চলচ্চিত্রের কারখানাটির দৃশ্যত পরিবর্তনের পক্ষে নন। তবু আধুনিকতার কাছে হারতেই হয় পুরাতনকে। তাই তৈরিও হচ্ছে সেই কমপ্লেক্স। 

২০১৮ সালে এফডিসিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দুটি শুটিং ফ্লোর ভেঙে উঁচু ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। ‘বিএফডিসি কমপ্লেক্স’ নামের এ প্রকল্পের জন্য ৩২২ কোটি ৭৭ লাখ টাকা অনুমোদন দেয় একনেক। পরিকল্পনা ছিল, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ১৫ তলা ভবনের কাজ শেষ হবে। কিন্তু সেই মেয়াদ গত হয়েছে প্রায় দেড় বছর। সবেমাত্র বেজমেন্ট পেরিয়ে মাথা তুলেছে ভবনটি। বাজেটও বেড়েছে অনেক। 

এদিকে ২০২৪ সালে মাল্টিপ্লেক্সটির শুভ উদ্বোধন হবে বলে দাবি করলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই লক্ষ্যে এখন দিন-রাত চলছে কনস্ট্রাকশনের কাজ। এই ভবনটি নির্মাণের দায়িত্বে আছে বিশ্বাস বিল্ডার্স। সরেজমিন দেখা যায়, কমপ্লেক্সের নির্মাণকাজ চলমান রয়েছে। নিরাপত্তা বেষ্টনী থাকায় সেখানে গিয়ে নির্মাণসংক্রান্ত কোনো কর্মীর সঙ্গে কথা বলার নিয়ম নেই। কয়েকজনকে দেখা গেল বিশ্রামরত। তারা জানান, করোনার জন্য অনেক দিন কাজ করা যায়নি। মালপত্র আসত না। এসব কারণে ২০২১ সালে ভবন নির্মাণ শেষ হয়নি। নতুন চুক্তিতে আগামী বছর ভবনটি এফডিসি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। তবে আগামী বছর কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। সময় লাগবে। কত সময় লাগবে সেটা বলতে পারেন না এই নির্মাণ শ্রমিকরা। জানা গেছে, ২০২৪ সালের জুনে ভবনটি বুঝিয়ে দেওয়ার কথা। সেই সময়ের মধ্যে কাজ শেষ না হলে নির্মাণ মেয়াদের চুক্তি বাড়তে পারে। 

এমনিতেই রঙিন দুনিয়া এফডিসি নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। এবার সবার আগ্রহ মাল্টিপ্লেক্সটি ঘিরে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এফডিসির এই মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলেন। তিনি আক্ষেপ করেন ভবনটি নির্মাণে দেরি হচ্ছে বলে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভবনটিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহটা আরও বেড়ে যায়। অনেকেই জানতে চান, কী কী থাকবে এই ভবনে। জানা গেল, এফডিসির মাল্টিপ্লেক্সটি হবে ১৫ তলাবিশিষ্ট। এতে থাকবে এফডিসির মূল কার্যালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র জাদুঘর, শুটিং ফ্লোর, রিহার্সেল রুম, আবাসিক হোটেল, শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। এ ছাড়া নির্মাণ সম্পন্নের পর আরও কিছু নতুন প্রতিষ্ঠান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। 

স্বপ্নের এই মাল্টিপ্লেক্সটি নিয়ে তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি স্বপ্নের প্রজেক্ট। এর আগে এফডিসির উন্নয়নে এত বড় প্রজেক্ট হয়নি। আমরা সবাই ১৫ তলার এই ভবনটি নিয়ে স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রী নিজেও এই মাল্টিপ্লেক্স প্রসঙ্গে আন্তরিক। খোঁজখবর রাখেন। আগামী দিনের সিনেমা উন্নয়নের দুয়ার উন্মোচন হবে এ ভবন দিয়ে। কথা রয়েছে ২০২৪ সালের জুন নাগাদ এর নির্মাণকাজ শেষ হবে। ভবন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে এমনটাই চুক্তি আছে। আমরা দেখাশোনা করছি যেন নির্দিষ্ট সময়ে কাজটি শেষ হয়। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক যাত্রা করবেন।’

কিন্তু ভবন নির্মাণের কাজ তো খুব একটা এগোয়নি। যতটুকু হয়েছে তাতে করে ২০২৬ সালেও ভবন নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে এফডিসিরি ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি।’ 

এদিকে ১৫ তলাবিশিষ্ট এই ভবন দিয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বড় ধরনের একটি পরবর্তনের স্বপ্ন দেখছেন চলচ্চিত্রকর্মীরাও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা