প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৩৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৫৩ পিএম
সমুদ্রস্নানে অ্যান লেসলির সঙ্গে রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
মিডিয়া মোগল রুপার্ট মারডক ও অ্যান লেসলি স্মিথের নির্ধারিত বিয়ের
দিনের মাত্র দুই সপ্তাহ আগে অনুষ্ঠান হঠাৎ করে বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাইফ
স্টাইল ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ৯২ বছর বয়সী রুপার্ট মারডক তার বাগদত্তা
অ্যানের ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে শঙ্কিত ছিলেন। চলতি গ্রীষ্মেই এই দুইজনের বিয়ে
হওয়ার কথা ছিল।
এর আগে গত মাসে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছিল,
তিনি অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদান সম্পন্ন
হয়েছে মারডক ও লেসলির।
মারডক গসিপবিষয়ক কলামিস্ট সিন্ডি অ্যাডামসকে বলেছিলেন, সেপ্টেম্বরেই
ক্যালিফোর্নিয়ার বেল এয়ারে মোরাগা এস্টেট পরিদর্শনের সময় তার সঙ্গে লেসলি স্মিথের প্রথম
সাক্ষাৎ হয়।
সিন্ডিকে মারডক বলেছিলেন, ‘আমি খুব নার্ভাস
ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ প্রেম। এটি
চমৎকার, আমি খুশি।’
মারডক এ বিষয়ে বলেছিলেন, ‘আমরা দুজন
আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটাতে উন্মুখ।’
অ্যান লেসলি স্মিথ এর আগে চেস্টার স্মিথকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন
একজন গায়ক, রেডিও ও টেলিভিশন এক্সিকিউটিভ। যিনি ২০০৮ সালে মারা যান।
মারডকের ৬৬ বছর বয়সি এই বাগদত্তা বলেন, ‘রুপার্টের
মতো আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকায় কাজ করেছেন, রেডিও ও টেলিভিশন
চ্যানেল প্রতিষ্ঠা করেছেন। তাই আমি রুপার্টের ভাষাতেই কথা বলি এবং একই বিশ্বাস শেয়ার
করি।’
ফক্স, প্লেবয়সহ বিশ্বের অনেক নামি সংবাদ প্রতিষ্ঠান ও বিনোদনসংক্রান্ত
প্রতিষ্ঠানের মালিক রুপার্ট মারডক এর আগে সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার,
সাংবাদিক আনা মারডোক, উদ্যোক্তা ওয়েন্ডিং ডেং ও মডেল জেরি হলকে বিয়ে করেন।
গত বছরের আগস্টে সবশেষ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিচ্ছেদ হয়। প্রথম
তিন স্ত্রীর গর্ভজাত মারডকের মোট ছয় সন্তান রয়েছেন।
সূত্র : মিরর ডট ইউকে