প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ০২:২৮ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১১:১৯ এএম
একুশে পদকজয়ী সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তিকে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরেণ্য শিল্পী ও সংগীতগুরু কাদের কিবরিয়া। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রিয় সহশিল্পী পাপিয়া সারোয়ার যিনি অসামান্য গায়কী দিয়ে মানুষের মন জয় করে কিংবদন্তিতে পরিণত হয়েছেন উনি জটিল রোগে আক্রান্ত। দিল্লিতে চিকিৎসাধীন আছেন।
মহান আল্লাহর কাছে উনার জন্য আরোগ্য লাভের দোয়া করছি এবং আপনাদের সকলকেই উনার রোগমুক্তির জন্য এই পবিত্র মাসে দোয়ার আবেদন করছি।’
দেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। পাপিয়া সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান।
তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।
পাপিয়া ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতষ্ঠা করেছিলেন।
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্র গানের জন্য কোটি শ্রোতার ভালোবাসা তিনি পেয়েছেন। আধুনিক গানেও আছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।
পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।