প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২৩:৫৩ পিএম
অভিনেত্রী মনিরা মিঠু। সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) রাতে অভিনেত্রীর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী ৪০ বছর বয়সি কনা বেগমকে আসামি করে মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াছিন গাজী।
তিনি বলেন, ’অভিযুক্ত গৃহকর্মী কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট উল্লেখ করা হয়েছে। আর কোনো ঠিকানা নেই। তার ব্যবহৃত ফোনটিও অন্যের নামে রেজিস্ট্রেশন করা। এমনকি কাজে নেওয়ার সময় তার ভোটার আইডি কার্ডও নেওয়া হয়নি।’
মনিরা মিঠু সাংবাদিকদের জানান, চুরির ঘটনায় তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।
মামলার এজাহারে মুশফিক ইসলাম উপন্যাস উল্লেখ করেন, গত মাসের ২৭ তারিখ কনাকে কাজে নেওয়া হয়। তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে বলা হলেও পরে দেবে বলে জানায়। গত শনিবার মা মনিরা মিঠু, স্ত্রী এবং ছোট ভাই ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তখন বাসায় ছিল কনা। রবিবার দুপুরের দিকে তার ছোট ভাই কনাকে বাসায় রেখে খাবার নিয়ে হাসপাতালে যায়। হাসপাতাল থেকে এসেও কনাকে বাসায় দেখতে পায়। তখন সে বাথরুমে যায়। এর ফাঁকে কনা নগদ দেড় লাখ টাকা ও ৫ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যায়। বাথরুম থেকে বের হয়ে সে দেখে কনা নেই। পরে বারান্দায় গিয়ে দেখতে পায় কনা গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। তাকে ডাকলে সে দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ছোট ভাই রুমে গিয়ে দেখেন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেই।
পুলিশ কর্মকর্তা ইয়াছিন গাজী বলেন, ‘আসামিকে খোঁজা হচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।’