প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১৩:০৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৭:০৪ পিএম
নিজেদের চতুর্থ অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে দেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড নেমেসিস। ২০১৭ সালের পর আবারও অ্যালবামের কাজে হাত দিয়েছে দলটি। যার কার্যক্রম গত বছরের শেষদিকে শুরু হয়েছে। পাঁচ বছরের বিরতির পর নেমেসিসের নতুন অ্যালবাম আসতে যাচ্ছে। এই খবর তাই শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। কবে নাগাদ অ্যালবামটি মুক্তি দেওয়া হবে তা জানতে উদগ্রীব হয়ে আছেন সবাই।
নেমেসিসের নতুন অ্যালবামের বিষয়ে কথা হয় দলটির নেতা জোহাদ রেজা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর পর আবারও আমরা নতুন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছি, যা নিয়ে গোটা দলই এক্সাইটেড। কারণ বর্তমান সময়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম মুক্তি দেওয়া কতটা চ্যালেঞ্জের, সেটি যারা দেয় তারা ছাড়া আর কেউ বুঝবে না। সেই চ্যালেঞ্জটা নিতেই আমাদের পাঁচ বছর সময় লেগে গেছে। এখন যত দ্রুত সম্ভব অ্যালবামটি মুক্তি দেওয়ার অপেক্ষায় রয়েছি। গানের সব কাজ শেষ হতে হতে আরও মাসখানেক লাগবে। এরপর মুক্তির আগে বেশকিছু পোস্ট প্রোডাকশনের কাজ আছে। সেগুলো শেষ করে এ বছরের সেপ্টেম্বরে অ্যালবামটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন দেখা যাক বাকিটা কী হয়।’
এ সময় অ্যালবামের নাম কী হবে, কয়টি গান থাকবে জানতে চাইলে জোহাদ আরও বলেন, ‘নতুন অ্যালবামের নাম কী হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত গান নির্মাণ নিয়ে সবাই ব্যস্ত আছি। সব গান তৈরি করা সম্পন্ন হয়ে গেলে তারপর অ্যালবামের নাম নিয়ে চিন্তা করব। এখন পর্যন্ত নতুন অ্যালবামের ছয়টি গান সম্পন্ন হয়েছে। আরো চারটি গান তৈরি করার প্রস্তুতি চলছে।’
নেমেসিস ব্যান্ডের জন্ম ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে। একদল স্কুলবন্ধু মিলে সে সময় দলটি গঠন করেন। শুরুর দিকে তারা ছোট ছোট বিভিন্ন অনুষ্ঠানে অল্পবিস্তর গান পরিবেশন করতেন। তখন তারা গান করতেন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবেই। এরপর ২০০২-০৩ সালের দিকে তাদের দু-একটি গান শ্রোতাদের কাছে পরিচিতি পেতে শুরু করে। ২০০৫ সালে একটি রেকর্ড কোম্পানি তাদের অ্যালবাম প্রকাশে আগ্রহ দেখায়। তারপর নিজেদের স্বপ্ন পূরণ করে ২০০৬ সালে আসে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। মূলধারার ব্যান্ড সংগীতে তখন থেকেই পা রাখে দলটি। আজও সাফল্যের সঙ্গে গান করে যাচ্ছে।
২০১১ সালে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ মুক্তি দেওয়া হয়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম। এখানে প্রেম, বিরহ, জীবনের নানা বোধের গান থাকবে।
বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।