প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:৫৯ পিএম
সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বৃদ্ধি করেছে সরকার। এর আগের দফাগুলোতে দুই বছর করে দায়িত্ব পালন করেছেন তিনি।
বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা বলা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রথম ২০১১ সালের ৭ এপ্রিল মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফিরেন তিনি। সর্বশেষ ২০২০ সালে তিন বছর মেয়াদে এই পদ পান তিনি। এবার তিনি এই পদে সপ্তমবারের মতো আসীন হলেন।
লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।