× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে আছেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৬:১৩ পিএম

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে আছেন যারা

বাংলাদেশ সেন্সর বোর্ডে নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটির তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৬৩ সালের সেন্সরশিপ আইনের ধারা ৩ এবং ১৯৭৭ সালের বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলসের বিধি ৪ মোতাবেক আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন নতুন সদস্যরা। 

বরাবরের মতো এবারেও বোর্ডের চেয়ারম্যান থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে সিনেমা অঙ্গন থেকে আছেন অভিনেত্রী সুজাতা আজিম, নির্মাতা-প্রযোজক দেওয়ান নজরুল, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেত্রী রোজিনা ও অরুণা বিশ্বাস এবং অভিনেত্রী-সাংবাদিক ফাল্গুনী হামিদ। সেন্সর বোর্ডের নতুন কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। 

সেন্সর বোর্ডে এই নিয়ে চারবার সদস্য হলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা তিনবার তিনি দায়িত্ব পালন করেছেন। পুনরায় এই দায়িত্ব পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন। সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের দিলেন ধন্যবাদ।

তিনি দিলেন এক সুখবরও। প্রযোজক খোরশেদ আলম খসরুর মতে, বর্তমানে সার্টিফিকেশনের নীতিমালা তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘বিভিন্ন দেশে এখন আর সেন্সর বোর্ড ব্যবস্থা নেই। বরং সার্টিফিকেশন বোর্ড রয়েছে। যেখান থেকে ছবির গ্রেড অনুসারে সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশেও এই ব্যবস্থা চালুর জন্য দাবি জানিয়ে আসছেন নির্মাতা-প্রযোজকরা। সেটা হয়তো দ্রুতই কার্যকর হবে।’

সেন্সর বোর্ড বিলুপ্তির খবর দিয়ে খসরু বলেন, ‘ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডের বিষয়টি পাস হয়েছে। এখন নীতিমালা নিয়ে কাজ চলছে। শিগগিরই সেন্সর বোর্ড বিলুপ্ত হয়ে সার্টিফিকেশন বোর্ড হবে। সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা সবসময়ই রেখেছে।’

২৮ মার্চ ফিল্ম সেন্সর আপিল কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। সদস্য হিসেবে আছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, অভিনেতা তারিক আনাম খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. নুরুল করিম। কমিটির আহ্বায়ক পদে রয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান। প্রজ্ঞাপনের তারিখ (২৮ মার্চ) থেকে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা