প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৩:৫৯ পিএম
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। চতুর্থবারের মতো তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘গেম চেঞ্জার’। সিনেমাটি নির্মাণ করবেন জনপ্রিয় তামিল নির্মাতা এস শঙ্কর। এর আগে সিনেমাটির নাম ছিল ‘আর সি ১৫’। রাম চরণের ৩৮তম জন্মদিনে নির্মাতা চলচ্চিত্রটির নাম পরিবর্তন করে সবাইকে চমকে দেন। এরপর উন্মোচন করা হয় সিনেমার ফার্স্ট লুক।
যার ছবি রাম তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চলে এসেছে গেম চেঞ্জার। এটাই আমার ছবির আসল নাম। যেখানে আমি ও কিয়ারা সবাইকে এন্টারটেন করব।’
রাম চরণের ৩৮তম জন্মদিন উপলক্ষে এদিন কিয়ারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানিয়েছেন নিজের সহকর্মীকে। রামের মতো কিয়ারাও তার সামাজিক যোগাযোগমাধ্যমে গেম চেঞ্জার সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন। এরপর ক্যাপশনে তিনি লেখেন, ‘গেম চেঞ্জার হয়ে আরও একটি ধামাকা নিয়ে আসছি আমরা। আশা করি আপনাদের একটি উপভোগ্য অ্যাকশনধর্মী সিনেমা উপহার দিতে পারব। সবাই সিনেমাটির সঙ্গে থাকুন।’
সিনেমাটির ফার্স্ট লুক নিয়ে নির্মাতা এস শঙ্করকেও একটি টুইট করতে দেখা যায়। যেখানে তিনি কিয়ারা ও রামকে মেনশন দিয়ে লেখেন, ‘শুভ জন্মদিন আমার আন্তর্জাতিক তারকা। কিয়ারা ও তোমাকে নিয়ে গেম চেঞ্জার সিনেমাটি আমার জীবনের সেরা একটি কাজ হতে যাচ্ছে বলে আমি আশাবাদী।’
গেম চেঞ্জার সিনেমাটি নির্মাণ করতে বাজেট ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। এখানে লোকেশন, ভিএফএক্স, অ্যাকশনের চমক থাকবে অনেক।
সিনেমাটি তেলেগু ভাষায় নির্মাণ করা হবে। এসভিসির প্রযোজনায় গেম চেঞ্জার সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে একঝাঁক তারকার। যার মধ্যে দিল রাজু, অঞ্জলি, এস জে সুরিয়া, নাভীন চন্দ্র, এশা গুপ্তা জয়রাম, মিকা শ্রীকান্ত, সুনীল অন্যতম।
এ ছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ সিনেমায়।