বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৪ পিএম
প্রভাবশালী ম্যাগাজিন ভ্যারাইটি যাকে লিখেছে ‘অস্কার ক্যাম্পেইন হটস্পট’, যুক্তরাষ্ট্রের সেই ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমন্ত্রণ পেয়েছে ‘অন্যদিন...’ সিনেমা। এই খবর কয়েক দিন আগেই ফেসবুকে জানিয়েছিলেন সিনেমাটির নির্মাতা কামার আহমাদ সাইমন।
ক্যামডেনে এই বছর সেরা ছবির পুরস্কার ‘হ্যারেল অ্যাওয়ার্ডস’-এর জন্য প্রতিযোগিতা করবে যে ৮টা ছবি, ‘অন্যদিন’ তাদের মধ্যে একটি।
এবার জানা গেল নর্থ আমেরিকার অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব ভ্যানকুভার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়েছে ‘অন্যদিন...’। এ বছর ভ্যানকুভার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ৭৫টি দেশ থেকে মোট ১৩৫টি ফিচার এবং ১০২টি শর্টফিল্ম নির্বাচিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ছবি হিসেবে লড়বে কামারের ‘অন্যদিন...’।
২০১৪-তে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন...’-এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে নারাজ কামার। এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসেবে পিয়াৎজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিল কামারকে। একই সঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। এ ছাড়া নানা সময়ে নানা রকম উৎসবে ছবিটি অংশ নিয়ে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
‘অন্যদিন...’ বাংলাদেশের দর্শক কবে দেখতে পাবেন এর উত্তরে কামার জানিয়েছেন, ‘ছবিটি সেন্সরে জমা দেওয়ার চেষ্টা করছি। শিগগিরই হয়তো ভালো খবর দিতে পারব।’
১০ বছরের বেশি সময় ধরে একটা ওয়াটার ট্রিলজি বা জলত্রয়ীর কাজ করছেন কামার, যেখানে প্রথম ছবি ‘শুনতে কি পাও’ আর দ্বিতীয় ছবি ‘অন্যদিন...’ । লোকার্নোর ওপেন ডোর্স এবং জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী ছবি ছিল ‘শুনতে কি পাও’। প্যারিসে সিনেমা দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার জয় করেছিল ছবিটি।
প্রবা/এলএ/এমজে