বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম
বাংলাদেশ সরকারের অনুদানে চলতি বছর দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু।
তিনি জানান, সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক ও দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী।
গল্পের প্রয়োজনে এ ছবিতে থাকছে বেশ কয়েকটি গান। গানগুলো লিখবেন পরিচালক রাজু নিজেই। আর এগুলোতে সুর ও সংগীত বসানোর দায়িত্ব পেলেন দুই তরুণ সংগীত পরিচালক সোহেল রাজ ও এসআই শহীদ। গতকাল ৭ সেপ্টেম্বর এফডিসিতে আনুষ্ঠানিকভাবে তারা দুজন ‘চাদর’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন।
এ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, ‘আমি সবসময় নতুন কিছু ভাবতে চেষ্টা করি। নতুনদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সেই জায়গা থেকেই সোহেল ও শহীদকে “চাদর” সিনেমায় যুক্ত করা। তারা দুজনই মেধাবী ও ভালো কিছু করার ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ানো তরুণ। আমার বিশ্বাস যেমনটা চাই তেমনই হৃদয় স্পর্শ করা সুর ও গান তারা এ ছবিতে উপহার দেবেন৷’
তিনি আরও বলেন, ‘আমি সিনেমায় গানের ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমার প্রায় সব সিনেমার গানগুলো আলাদা যত্ন নিয়ে করা, সবাই গ্রহণ করেছে। আশা করি “চাদর” সিনেমার গানগুলোও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
এ ছবিতে কাজ করা প্রসঙ্গে সোহেল রাজ বলেন, ‘জাকির হোসেন রাজু ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা। তার সিনেমা দেখে বড় হয়েছি। তার ছবির গানগুলো বরাবরই পছন্দের তালিকায় থাকে। বিভিন্ন সময় সেগুলো কভার করেছি। এবার সৌভাগ্য হলো উনার সিনেমায় গান করার। এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তিনি এবং ছবির প্রযোজক এফডিসি আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। নিজের জানার পরিধি ও মেধার সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি এ সিনেমার গানের জন্য।’
এদিকে আরেক সংগীত পরিচালক এসআই শহীদ বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান জাকির হোসেন রাজু ভাইয়ের মতো নন্দিত একজন পরিচালকের সিনেমায় কাজের সুযোগ পেলাম। আমি বিএফডিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই। কাল তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আমি এর মধ্যেই কাজ শুরু করেছি। যেটা দেখলাম, পরিচালক রাজু ভাই গানের ব্যাপারে দারুণ যত্নশীল এবং অনেক কিছু জানেন। তার সঙ্গে গান তৈরির অভিজ্ঞতা আমার কাছে অনেক দামি হয়ে থাকবে সবসময়। আমরা আলোচনা করে ভালো কিছু গান তৈরির চেষ্টা করছি। গল্প ও চরিত্রের সঙ্গে মানিয়ে গানগুলো হবে। গানের জন্য দারুণ কিছু কথা লিখেছেন জাকির হোসেন রাজু ভাই।’
জাকির হোসেন রাজু জানান, আগামী সপ্তাহেই গানের রেকর্ড হবে। আগামী দুয়েক দিনের মধ্যেই হবে শিল্পী বাছাই।
আগামী ১০-১২ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে ‘চাদর’ ছবির শুটিং শুরু হবে। এতে সাইমন-বুবলী ছাড়া আরও অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।
প্রবা/এলএ/এমজে