× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা শাকিব খানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

বৃহস্পতিবার হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। ফটো ইন্দ্রজিৎ কুমার ঘোষ

বৃহস্পতিবার হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। ফটো ইন্দ্রজিৎ কুমার ঘোষ

হত্যার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে অস্ট্রেলিয়া প্রবাসী চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে এই মামলা করেন তিনি। 

আদালত শাকিব খানের জবানবন্দি নিয়েছেন। একই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল কোর্টে হাজির হওয়ার সমন জারি করেছেন। শাকিবের আইনজীবী খায়রুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে শাকিব খান বলেন, ২০১৬ সালের ১৯ জানুয়ারি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার স্বত্বাধিকারী মো. জানে আলমের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। চুক্তি অনুযায়ী, নায়িকা হিসেবে তার বিপরীতে শিবা আলী খানকে মনোনীত করা হয়। শুটিং করতে ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় যান শাকিব। পরে জানতে পারেন, শিবা আলী খান ভিসা জটিলতায় শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যেতে পারেননি। তার জায়গায় অ্যানি রেনেসা সাবরিন নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলিয়ান নারীর সঙ্গে অভিনয়ের জন্য শাকিবকে অনুরোধ করেন মোহাম্মদ রহমত উল্লাহ। তবে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে ওই প্রস্তাব নাকচ করে দেন তিনি। 

আইনজীবী খায়রুল হাসান জানান, শাকিবকে ফাঁদে ফেলতে ষড়যন্ত্র করেন রহমত উল্লাহ। তিনি রিফ্রেশমেন্টের জন্য একটি দামি ক্লাবে যাওয়ার প্রস্তাব করলে শাকিব তাতে রাজি হন। এক দিন শুটিং শেষে তিনি আসামির সঙ্গে ক্লাবে যান। সেখানে গিয়ে অ্যানি রেনেসা সাবরিনসহ আরও দুই থেকে তিনজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। সেখানে খাওয়া-দাওয়াসহ বিভিন্ন প্রকার পানীয় গ্রহণের একপর্যায়ে শাকিব অসুস্থবোধ করেন। এক পর্যায়ে অ্যানি শাকিবকে হোটেল রুমে পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু পথেই শাকিব অজ্ঞান হয়ে পড়েন। 

খায়রুল হাসান বলেন, পরদিন সকালে শাকিবকে ফোন করেন রহমত উল্লাহ। বলেন, রাতে ওই নারীর সঙ্গে শাকিবের যা হয়েছে সবকিছুর ভিডিও তার কাছে রয়েছে। এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা না দিলে সব ভিডিও প্রকাশের হুমকি দেন রহমত উল্লাহ। একই সঙ্গে অ্যানি রেনেসা সাবরিনকে নিয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করারও হুমকি দেন তিনি। নানা ভয়ভীতি দেখানোর একপর্যায়ে রহমত উল্লাহকে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেন শাকিব খান। এরপরও বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখানো হলে বাংলাদেশি টাকায় তাকে এ পর্যন্ত মোট ৪০ লাখ টাকা চাঁদা দেন শাকিব খান। এক পর্যায়ে চাঁদা দিতে না পারলে জানানো হয়, তার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে। 

এই আইনজীবী বলেন, ২০১৮ সালে শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় যান শাকিব খান। একই বছরের ৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান পুলিশ কর্মকর্তা তাকে বলেন, ‘মিস্টার খান ইট ইজ আ হানি ট্র্যাপ, সো বি অ্যাওয়ার ইয়োরসেলফ ফ্রম দ্যাম।’ তারপর থেকে তিনি চাঁদা দেওয়া বন্ধ করে দিলে রহমত উল্লাহ মিডিয়াসহ বিভিন্ন জায়গায় শাকিবের নামে কুৎসারটাতে থাকেন। সবশেষ গত ১৬ মার্চ রাতে মীমাংসার কথা বলে একটি রেস্টুরেন্টে শাকিবের কাছে এক লাখ ডলার দাবি করেন রহমত উল্লাহ। অন্যথায় তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। এমন পরিস্থিতিতে শাকিব খান এখন এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তার আইনজীবীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা