প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৮:৩৩ পিএম
পুরো নাম আব্দুন নূর সজল। তবে সজল নামেই শোবিজ জগতের সকলের কাছে পরিচিত হাসিমুখের এই অভিনেতা। সব সময় মুখে হাসি লেগেই থাকে। এক যুগেরও অধিক সময় ধরে অভিনয় করে চলেছেন তিনি। সজল প্যাকেজ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২০০৬ সালে ছোট পর্দায় যাত্রা শুরু করেন। এরপর থেকেই নিয়মিতভাবে টিভি নাটকে কাজ করে যাচ্ছেন। অভিনয় করেছেন নায়িকা মৌসুমী থেকে সারিকা, জাকিয়া বারী মম, তিশা, মিম, সুমাইয়া শিমু, শখ, মেহজাবিন, বিন্দু ও অপি করিম থেকে শুরু করে হালের অনেক তারকার সঙ্গেই।
কাজ করছেন ওটিটিতেও। এবার তিনি চমক নিয়ে আসতে চলেছেন বড় পর্দায়। আগামী রোজার ঈদেই মুক্তি পাবে তার সিনেমাটি। এর নাম ‘জ্বীন’।
সাইকো থ্রিলার গল্পের সিনেমাটিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজলের সঙ্গে এর আগে শিশুশিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তারা দুজনেই।
সজল বলেন, ‘ওই অর্থে কোনো রোমান্টিক সিনেমা এটি নয়। এটি মূলত ভৌতিক গল্পের সিনেমা। এখানে পূজার সঙ্গে জুটি হয়ে কাজ করাটা বেশ মজার ছিল। আমার বিশ্বাস দর্শক আমাদের জুটির অভিনয় উপভোগ করবেন।’
নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক ছবি ‘জ্বীন’। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। চলছে প্রচারণা। সেই প্রচারণার অংশ হিসেবেই প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে ভৌতিক লুক নিয়ে ধরা দিলেন সজল ও পূজা। পোস্টার প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকে এটি শেয়ার করে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন। অভিনেতা সজল এটিকে সিনেমাটির জন্য সৌভাগ্যের পূর্বাভাস হিসেবে দেখছেন। অনেকে তাকে ফোন করে, ম্যাসেঞ্জারেও পোস্টারটি নিয়ে প্রশংসা করছেন বলে জানান তিনি।
এদিকে পোস্টার শেয়ার করে প্রযোজক আব্দুল আজিজও প্রশংসায় ভাসালেন অভিনেতা সজলকে। লিখেছেন, ‘সজল একজন খুব ভালো অভিনেতা। আর ‘জ্বীন’ সিনেমায় সে দুর্দান্ত অভিনয় করেছে। ‘জ্বীন’ সিনেমার মাধ্যমে সজল তার দ্বিতীয় ইনিংস শুরু করছে। আর আমাদের বিশ্বাস দ্বিতীয় ইনিংসের মাধ্যমেই ‘জ্বীন’ সিনেমা দিয়ে সে ছক্কা মারবে।’
সিনেমাটি একটি সত্য ঘটনার আঁধারে নির্মিত। পৃথিবীর অধিকাংশ মানুষ যেখানে বিভিন্ন অশরীরী আত্মা, জ্বীন, পরী, ভূতে বিশ্বাস করে, সেখানে বিজ্ঞান এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখায় খাটে না। আর তখনোই প্রয়োজন হয় ধর্মের ব্যাখার। এমন বিষয় উঠে আসবে ‘জ্বীন’ সিনেমায়।
সজল-পূজা ছাড়াও ‘জ্বীন’ সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।