প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৩:১৯ পিএম
দেশের আন্ডারগ্রাউন্ড হেভি মেটাল ব্যান্ড ট্রেইনরিক। দীর্ঘ সময় ধরে স্টেজ পারফর্মের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে দলটি। তবে এবার স্টেজ থেকে বিরতি নিতে যাচ্ছে। মনোযোগ দেবে তাদের প্রথম অ্যালবামের কাজে। সে বিষয়ে ঘোষণাও দিয়েছে দলটি।
ট্রেইনরিক তাদের ফেসবুক পেজ থেকে নতুন অ্যালবামের কাজ শুরু করার ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দেয়। এর পরই ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় উন্মাদনা। মন্তব্য বক্সে জানতে চাওয়া হয় নতুন অ্যালবাম কবে আসবে। এরপর এ বিষয়ে ব্যান্ডের ম্যানেজার আবুবক্কর ছিদ্দিক তহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের নতুন অ্যালবামের বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছি। এখন একটি অবস্থানে এসেছি। কিছু কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আমরা আনুষ্ঠানিকভাবে নতুন অ্যালবামের নাম ও সব ধরনের তথ্য ঘোষণা দেব। এর আগে কিছুই বলতে পারছি না।’
এদিকে ট্রেইনরিক তাদের ফেসবুক পেজে ভক্তদের ভালোবাসা প্রত্যাশা করে নতুন অ্যালবামের কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। যেখানে তারা লেখে, ‘আমরা ট্রেইনরিক ব্যান্ড এখন থেকে সামনে কয়েক মাস ধরে নতুন কোনো স্টেজ শো করছি না। তবে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চাই যে পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত মঞ্চ থেকে দূরে থাকব। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম অ্যালবামের জন্য কিছু পরিকল্পনা করেছি। সেসব কাজ শেষ করেই আবার স্টেজে ফিরব।’
ট্রেইনরিক ব্যান্ডদলটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শো করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য জার্মানি, যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত, ফিলিপাইন, চীন। মূলত হেভি মেটাল ধাঁচের মিউজিক করে দলটি। নিজেদের গানের সঙ্গে বিশ্বের জনপ্রিয় কিছু ইংলিশ ব্যান্ডের গানও কাভার করে তারা।
এ দলে মোট পাঁচজন ব্যান্ড মেম্বার রয়েছেন। তাদের মধ্যে একে রাহুল (গিটার), আবীর আহমেদ শুভো (ভোকালিস্ট), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রামস), ইকরাম ওয়াসি (গিটার), হাবিবুল্লাহ ফারহান (বেজগিটার)।