× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান শাহর চেয়েও সেরা শাকিব খান : ঝন্টু

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৮ পিএম

সালমান শাহর চেয়েও সেরা শাকিব খান : ঝন্টু

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। আজ ৬ সেপ্টেম্বর তার ২৬তম মৃত্যুবার্ষিকী। এদিনে তার ভক্তরা শ্রদ্ধায় তাকে স্মরণ করেন। তাকে নিয়ে নানা স্মৃতিচারণে ভরে ওঠে সামাজিক পাতার বই। অনেকেই মনে করেন, ২৬ বছর আগে মৃত্যুবরণ করেও নায়ক হিসেবে সালামান শাহ আজও সমসাময়িক। তার স্টাইল, ফ্যাশন ও স্মার্টনিটি আজও অনুকরণীয়। অনেক নায়কের কাছেও আইডল হয়ে আছেন সালমান শাহ।

অনেকে এমনটাও মনে করেন, সালমান শাহর মৃত্যুতে যে জনপ্রিয়তা ও সার্বজনীন গ্রহণযোগ্যতায় নায়কের যে শূন্যতা তা আজও পূরণ হয়নি। তবে চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এমনটা মনে করেন না। তার দাবি, সালমান শাহ’র চেয়েও সেরা শাকিব খান।

গতকাল ৫ সেপ্টেম্বর এফডিসিতে প্রতিদিনের বাংলাদেশের কাছে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন, শাকিব অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সালমান পায়নি ।

একজন অভিনেতা বা তারকার মূল্যায়ন কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মাপকাঠিতে হওয়া উচিত? এ প্রশ্নের জবাবে ঝন্টু বলেন, ‘স্বীকৃতি না পেলে কিসের ভিত্তিতে সেরা বলব। একটা সার্টিফিকেট তো লাগবে। শাকিব অনেকবার স্বীকৃতি পেয়েছে। সালমানের একটিও নেই। সে অনেক পপুলার ছিল। কিন্তু তার সেই সিনেমা কই? সালমান ভালো শিল্পী ছিল। আমারও সিনেমা করেছে। জনপ্রিয় ছিল। খুবই কো-অপারেটিভ। কাউকে ভোগাতো না। অনেকেই আছেন যারা ভোগান।’

তাহলে তো নায়ক ফারুকসহ আরও অনেক বড় মাপের তারকা অভিনেতারা জাতীয় স্বীকৃতিতে পিছিয়ে আছেন.. প্রশ্ন শেষ না হতেই ঝন্টুর উত্তর, ‘তিনিও পেয়েছিলেন ‘লাঠিয়াল’ ছবিতে। যারা পাননি তারা স্বীকৃত নন।’

এ পরিচালক আরও বলেন, ‘সালমান শাহ খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছিল। এটাই ওর একমাত্র গুণ। আর কিছু না। ছেলে-মেয়েরা পছন্দ করেছিল। অল্পতেই নাম হয়ে গেল। অনেকের বেলায় নাম হতে সময় লাগে। যেমন মান্না, সে দীর্ঘদিন লেগে থাকার পর সুপারস্টার হয়েছে। আমার সিনেমা করে সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। সালমান অল্পতেই পপুলার হয়েছে। তার মানে এই নয় সেই সেরা। 

রাজ্জাক সাহেবের চেয়ে কেউ সেরা হতে পারে না। নায়ক আলমগীর সেরা। আবার গ্রামীণ প্রেক্ষাপটে নায়ক ফারুক অসাধারণ। দীর্ঘদিন তারা কাজ করেছেন। সালমান এতটা সময় পায়নি। তবে সে সুপারস্টার ছিল। কিন্তু তাকে নিয়ে যেভাবে বলা হয় সেটা ঠিক না। তারচেয়েও সেরা শাকিব খান। সে অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তাকে নিয়ে কেন কথা বলেন না?’

মৃত্যুর ২৬ বছর পরও দেখা যায় সালমান শাহর আবেদন ফুরায়নি। তাকে নিয়ে স্বতস্ফূর্তভাবে লাখো ভক্ত নানা আয়োজন করে। ফেসবুক ভরে থাকে সালমান শাহর ছবি ও তাকে নিয়ে স্মৃতিচারণে। যেটা সাধারণত আর কারও বেলায় দেখা যায় না। ঝণ্টুর উত্তর, ‘সে পপুলার ছিল। তাই অনেকে তাকে মনে করে। আর কে বলেছে সালমানকে ছাড়া অন্যদের মনে করা হয় না? রাজ্জাক ভাইকে আমরা ভুলে গেছি?’

ইন্ডাস্ট্রির মানুষদের মনে রাখা আর যুগের পর যুগ সাধারণ মানুষের মনে রাখা এবং নিয়ম করে প্রতি জন্মদিনে ও মৃত্যুবার্ষিকীতে নানা রকম আয়োজন করার মধ্যে কি পার্থক্য নেই? দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি মনে করি না। আপনারা হয়তো মনে করেন। আপনারা অনেক কিছুই ভাবতে পারেন। আমার কাছে সালমান শাহ জনপ্রিয় নায়ক ছিল। অকালে মরে গেছে। তার মৃত্যুটা সবাইকে অবাক করেছে, কষ্ট দিয়েছে। এর বেশি কিছু না।’


প্রবা/এলএ/এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা