বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:২০ পিএম
আশিকির দশক ছিল স্মৃতিমধুর। আশিকি-২-এর কাহিনি ও গানগুলো ছিল মানুষের মুখে মুখে। এবার সেই আশিকির সিকুয়েল ‘আশিকি-৩’ নিয়ে হাজির হচ্ছেন তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান। তৃতীয় কিস্তির পরিচালনায় থাকবেন অনুরাগ বসু।
বহু অভিনেতা এ ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেও শেষ পর্যন্ত কাজটা পেয়েছেন কার্তিক। তবে কার্তিকের বিপরীতে নায়িকা কে হবেন, এখনও জানা যায়নি।
আশিকির তৃতীয় কিস্তিতে থাকার বিষয়ে বড় করে ঘোষণা করেছিলেন কার্তিক নিজেই। তাতে লেখা ছিল, ‘হৃদয়বিদারক ছবি হতে চলেছে! বসুদার সঙ্গে আমার প্রথম কাজ এটা। কালজয়ী ক্লাসিক “আশিকি” দেখে আমি বড় হয়েছি। “আশিকি ৩”-এ কাজ করা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এই সুযোগের জন্য ভূষণ কুমার এবং মুকেশ ভাটের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তা ছাড়া আমি অনুরাগ বসুর কাজের একজন বড় ভক্ত। তাঁর সঙ্গে কাজ করারও সুযোগ পেয়ে গেলাম। আমি অনেক কিছু শিখতে পারব।’
নব্বইয়ের আশিকি সিনেমায় রাহুল রায় এবং অনু অগ্রবালের অভিনয় সাড়া ফেলে দেয় সে সময়ে। দর্শক-হৃদয় জয় করার পাশাপাশি বক্স অফিসেও চূড়ান্ত সফল ছিল সিনেমাটি। এরপর ২০১৩ সালে আসে সিকুয়েল ‘আশিকি ২’। শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত সেই ছবির পরিচালনায় ছিলেন মোহিত সুরি। এই ছবিও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। অরিজিৎ সিংয়ের গানগুলো এখনও মানুষের মুখে মুখে। ঠিক প্রথম ছবিতেই শ্রদ্ধা-আদিত্য বলিউডে পাকা জায়গা তৈরি করে নেন।
প্রবা/টিএম/এমজে