প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৪:৪৪ পিএম
‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি, কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’- এমনই কথামালার আইটেম গানে পারফর্ম করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। অবশেষে গানটি প্রকাশ হয়েছে। সেখানে গ্ল্যামার ও আবেদনময়ী রুপে হাজির হয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন নায়িকা। পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
একটি ওটিটি প্লাটফর্ম থেকে শিগগিরিই প্রকাশ হবে অরিজিনাল ফিল্ম ‘পরি’। সে সিনেমারই আইটেম গানে নাচতে দেখা গেল পূজাকে। গানের মূল শিরোনাম ‘এক দুই তিন’। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সংগীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
গানটি নিয়ে পূজা বলেন, ‘বেশ মজা করে এই গানের শুটিং করেছিলাম। তখনই মনে হয়েছিল এটি প্রকাশ হলে ভালো লাগবে সবার। অবশেষে গানটি নিয়ে যে রেসপন্স দেখছি আমি অভিভূত। অপেক্ষা করছি এখন ওয়েব ফিল্মটির মুক্তির জন্য।’
‘পরি’র গল্প এগিয়েছে এভাবে, পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামী অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক হতে?
ওয়েব ফিল্মটিতে পূজার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এর চিত্রনাট্য করেছেন রায়হান খান, নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।