প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৩:০৫ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৬:৩৩ পিএম
জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। সে নিয়ে তুলকালাম রাজ্য-রাজনীতি। একসময় তৃণমূলের ঘরের লোক ছিলেন দুজনই। সেই সূত্রেই ছিল তাদের বন্ধুত্বতা। তবে এখন সেসব অতীত। রাজনীতি ছেড়ে ফের অভিনয়ে মন দিয়েছেন দেবশ্রী, অন্যদিকে তৃণমূল হয়ে বিজেপি ঘুরে এখন ঘরে বসে দিন কাটান শোভন।
দাম্পত্য বিবাদে জর্জরিত শোভন হঠাৎ করে দেবশ্রীকে আইনি চিঠি পাঠানোর কারণ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে। দেবশ্রীর সঙ্গে একসময় ছবি তুলেছিলেন শোভন। ‘দেবশ্রী রায়’ নামে সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেসব পোস্ট করা হয়েছিল ২০১৭, ২০১৮ সাল নাগাদ। এ নিয়েই আপত্তি শোভনের! তিনি পাঠিয়েছেন আইনি নোটিশও। এতে বেশ বিরক্ত দেবশ্রী। তিনি বলেন, ‘আমার ফালতু সময় নেই এসব নিয়ে কথা বলার।’
তিনি আরও বলেন, ‘আমার আইনজীবী আইনের পথে এর জবাব দেবেন। আইনত যেটি সঠিক, সেদিকেই এগোবে বিষয়টি। কোনো ফেক অ্যাকাউন্ট থেকে এই কাজ হলে তার ব্যবস্থা তো আমি নেব না।’
শোভনের দাবি, ওই সকল ছবি পোস্টের পেছনে ‘পরিকল্পিত চক্রান্ত’ রয়েছে। তিনি বলেন, ‘আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা হয়েছে। আমার সাবেক সরকারি পদ প্রসঙ্গও উল্লিখিত রয়েছে সেখানে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের বিষয় সামনে রেখে যে পোস্টগুলো করা হয়েছে, তা একেবারেই সঠিক নয়। তা অনেক পুরোনো ঘটনা, আগের ছবি।’