× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ওয়ারফেজের নতুন গান ‘মা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৭:০৪ পিএম

আসছে ওয়ারফেজের নতুন গান ‘মা’

দেশের অন্যতম জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। বছরের শুরুতেই নতুন গান মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। ঘোষণা অনুযায়ী স্বাধীনতার মাসেই মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন গান। গানের শিরোনাম ‘মা’। আগামী ২২ মার্চ ওয়ারফেজ গানটি মুক্তি দেবে। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। 

তিনি বলেন, ‘নতুন গানটি নিয়ে আমরা দীর্ঘসময় কাজ করেছি। আমাদের বিগত দিনের গানগুলোর কথা মাথায় রেখে গানটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে রেকর্ডিংসহ গানের সব কাজ সম্পন্ন হয়েছে। এখন মুক্তি দেওয়ার পালা। আশা করি ওয়ারফেজ ভক্তদের কাছে গানটি ভালো লাগবে।’

টিপু আরও বলেন, ‘আমরা গত বছর বলেছিলাম ২০২৩ থেকে প্রতিনিয়ত গান রিলিজ করতে থাকব। সেই কথা অনুযায়ী আমরা একটা গান রিলিজ করছি। গানটি রিলিজ করার কথা ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। কিন্তু মার্চ যেহেতু স্বাধীনতার মাস, তাই মার্চ মাসেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘মা’ গানটির গীতিকার নয়ীম গহর। কণ্ঠ ও সুর বাবনা করিম। গানটি প্রযোজনা, সংগীতায়োজন ও পরিবেশনায় ওয়ারফেজ। গানটি প্রকাশ করবে লয় রেকর্ডস।

টিপু জানান, মা গানটি অফিশিয়ালি আগামী ২২ মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ওয়ারফেজ টিভি, লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও আকারে এবং স্পটিফাই ও আইটিউনস থেকে অডিও আকারে প্রকাশ হবে গানটি। 
এ ছাড়া ১৯ মার্চ থেকে গানটির অডিও শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক অ্যাপে।

এর আগে ২০২২ সালের ৩১ অক্টোবর মুক্তি পায় ওয়ারফেজের নতুন গান ‘মায়া’। সে সময় গানটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘গান’-এ মুক্তি দেওয়া হয়। এরপর ওয়ারফেজের ইউটিউব চ্যানেলে ভক্তদের জন্য গানটি উন্মুক্ত করা হয়। ‘মায়া’ গানের কথা ও সুর করেছিলেন ওয়ারফেজের বর্তমান ভোকাল পলাশ নূর। সংগীত আয়োজন করেছেন মনিরুল ইসলাম টিপু, ইবরাহিম আহমেদ কমল এবং সামির হাফিজ। আর গানটি প্রযোজনা করেন মনিরুল ইসলাম টিপু এবং সামির হাফিজ। নতুন গানটিও ব্যান্ডের সবার অংশগ্রহণে নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন বন্যা

প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রি মাতিয়ে যাচ্ছে ওয়ারফেজ। এই সময়ে দর্শকদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে দলটি। তালিকায় উল্লেখ করা যায় স্বাধিকার, অবাক ভালোবাসা, জননী, যত দূরে, বেওয়ারিশ, মহারাজ, তোমাকে, পূর্ণতা, সত্য ও রূপকথা গানগুলোর কথা।

এ ছাড়া দলটি এখন পর্যন্ত ৮টি অ্যালবাম বের করেছে। যার মধ্যে সবশেষ অ্যালবাম এসেছে ২০১২ সালে। নাম ছিল ‘সত্য’। বর্তমানে ওয়ারফেজের সদস্য সংখ্যা ৭ জন। তারা হলেনÑ পলাশ ( ভোকাল), কমল (লিড গিটার), টিপু (ড্রামস), রজার ( বেস), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার), সৌমেন (রিফ গিটার)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা