বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ০২:০৬ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৫ এএম
আর কখনো নতুন কোনো গীতিকবিতা লিখবেন না তিনি। মেতে উঠবেন না আড্ডা-গল্পে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি গীতিকার, সুরকার, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার।
তার একমাত্র মেয়ে সংগীতশিল্প দিঠি আনোয়ার। আজীবন বাবার ছায়া হয়ে ছিলেন। বাবার প্রায় সব আয়োজন-অনুষ্ঠানে তিনি পাশে থাকতেন। কিন্তু বাবার মৃত্যু সংবাদ শুনতে হলো আমেরিকা থেকে। তার জন্যই হিমঘরে রাখা হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ।
অবশেষে ঢাকা এসে পৌঁছেছেন দিঠি আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশানের ইউনাইটেড হাসপাতালে আসেন তিনি। এ সময় ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দিঠি।
এরপর বাবার মরদেহ দেখার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মর্গের ভেতরে যান। বাবাকে দেখে কাঁদতে থাকেন তিনি৷ তার কান্নায় ভারী হয়ে ওঠে ইউনাইটেড হাসপাতালের আকাশ-বাতাস। দীর্ঘ অপেক্ষার পর বাবার কাছে ফিরে এলেন দিঠি, বাবার দেখাও পেলেন৷ কিন্তু কথা হলো না। আর কোনোদিন হবেও না বাবা-মেয়ের আলাপ।
জানা গেছে, আজ সোমবার সকালে বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় নেওয়ার পর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর এফডিসিতে নেওয়ার পর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বাদ আসর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে এই কিংবদন্তিকে।
প্রবা/এলএ /এসআর