প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম
ভারতের দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে কাজের পাশাপাশি ‘বাহুবলী’খ্যাত নায়িকা ব্যক্তিজীবন নিয়েও থাকেন আলোচনায়। তবে ব্যক্তিজীবন নিয়ে কেউ চর্চা করুক, তা একদমই পছন্দ নয় এ অভিনেত্রীর। সম্প্রতি তার প্রেমের সম্পর্ক নিয়ে উত্তাপ ছড়িয়েছিল নেট দুনিয়ায়। বিষয়টি যে অভিনেত্রীর পছন্দ হয়নি, তা সম্প্রতি জানালেন তিনি।
ভারতের সিনেপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। এমনকি এই জুটির অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন দুজনেই। অবশেষে প্রেম-গুঞ্জনে মুখ খুললেন ক্ষুব্ধ বাহুবলীর নায়িকা।
তামান্না বলেন, ‘আমরা এক সঙ্গে একটি ছবিতে কাজ করেছি। কিছু গুঞ্জন চারপাশে শোনা যাচ্ছে। সেগুলো পরিষ্কার করার প্রয়োজনবোধ করছি না। এ বিষয়ে এর বেশি কিছু আসলে বলার নেই।’
তামান্নার মতে, অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি চর্চা হয়।
তার ভাষ্য, ‘আমি জানি না কেন এমন হয়। কিন্তু সত্যিকার বিয়ের আগেই নারীদের কয়েকবার বিয়ে দেওয়া হয়! প্রতি শুক্রবার আমাদের বিয়ে হয়! এরপর শুনি, ‘ওহ তুমি এখনও বিয়ে করোনি!”
বিরক্তি আর আক্ষেপ প্রকাশ করে তামান্না ভাটিয়া বলেন, ‘মানুষ আমাকে অনবরত বিয়ে দিয়ে দিচ্ছেন, ডাক্তার থেকে ব্যবসায়ী অনেকের সঙ্গে। আমার মনে হয়, আমি ইতোমধ্যে অনেকবার বিয়ে করে ফেলেছি। বুঝতে পারছি না, আমি সত্যিকার বিয়ে করলে কী ঘটবে। মানুষ কি আদৌ তখন উচ্ছ্বসিত হবে? তারা ভাববে এটা হয়তো আরও একটা গুঞ্জন!’
এ বছরের জানুয়ারিতে তামান্না ও বিজয় ভার্মার চুম্বনের দৃশ্য সামনে আসে। ভিডিওটা ছিল গোয়া সমুদ্রসৈকতে ধারণ করা।
যদিও পরে খবর আসে, সুজয় ঘোষের নির্মাণে ‘লাস্ট স্টোরিজ টু’তে অভিনয় করেছেন তারা দুজন। সেজন্যই ঘনিষ্ঠ হয়েছেন তারা। এ ছাড়াও এই জুটি সামনে সঞ্জয় ঘোষের পরিচালনায় নেটফ্লিক্সের একটি প্রযোজনায় অভিনয় করবেন।