প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৩:১৩ পিএম
ডিজিটাল যুগে কিছুই আর গোপন থাকছে না তারকাদের। প্রায় সব বিষয়ই প্রকাশ্যে আসছে। তারা যেখানেই যান সেখানেই ঝলসে ওঠে ক্যামেরা। চলতে থাকে ভিডিও। মুখে মাস্ক পরার পরও পাপারাজ্জিদের কাছ থেকে নিজেদের আড়াল করতে পারছেন না তারকারা। কিন্তু প্যাপেদের ক্যামেরা যদি সোজা বেডরুমে পৌঁছে যায়, তাহলে সেটা খুবই অস্বস্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায়। আর এ রকমই ঘটনা ঘটল রণবীর-আলিয়ার সঙ্গে। তাই পাপারাজ্জিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সুপারস্টার জুটি।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন কুল ড্যাডি রণবীর কাপুর। তার অভিযোগ, বাড়ির ভেতরের ছবি পাপারাজ্জিরা তুলেছেন। এর ফলে ঘরের প্রাইভেসি নষ্ট হচ্ছে। বিনা অনুমতিতে কারও বাড়ির অন্দরের ছবি তোলা বিরাট অপরাধ।
ছবি তুলে সেটিকে বিভিন্ন সংবাদমাধ্যমকে আপলোড করে দেওয়া হচ্ছে। ঘটনায় বেজায় চটেছেন ঋষিপুত্র রণবীর কাপুর। সে জন্যই এবার পাপারাজ্জিদের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর কাপুর ফ্যামিলি।
সম্প্রতি আলিয়া ভাট তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আলিয়ার অজান্তেই তার ছবি লেন্সবন্দি করেন সেলেব পাপারাজ্জিরা। পরে সেসব ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। এ ঘটনায় চটেছেন রণবীর ঘরণী। এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে মোটেই রাজি নন তিনি।
আরও পড়ুন: শুভেচ্ছাদূত বেজবাবা সুমন
পাপারাজ্জিদের প্রতি রণবীর-আলিয়ার শ্রদ্ধা রয়েছে। এ বিষয়টি স্বীকার করে নিয়ে অভিনেতার মত, ‘আমরা পাপারাজ্জিদের সম্মান করি। তারা এই পৃথিবীর একটি অংশ। এটা খুব সুন্দর একটি সমীকরণ। তারা আমাদের জন্য কাজ করে। আর আমরা ওদের সঙ্গে কাজ করি। কিন্তু যখন কারও ব্যবহারে দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই সমস্যার সূত্রপাত হয়।’
অন্যদিকে মেয়েকে ৩০ জোড়া স্নিকার্স উপহার দিয়ে আলোচনায় এসেছেন রণবীর কাপুর। স্নিকার্সের প্রতি তার একটা অদ্ভুত ফ্যাসিনেশন রয়েছে। ছোট থেকেই যাতে মেয়ে রাহারও এই ভালোবাসা জন্মায়, সেটাই চান রণবীর। তাই ছোট্ট মেয়ের জন্য এখনই তিরিশ জোড়া জুতা কিনে দিয়েছেন।