সৌম্য প্রীতম
প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১২:৫৫ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৩ ১২:৫৭ পিএম
নাট্য নির্মাতা অনন্ত হীরা। গত শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হওয়া নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৩-২৫) মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। নাট্য নির্মাতাদের সংগঠনের নতুন দায়িত্ব ও সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সৌম্য প্রীতম
ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন...
প্রতিদিনের বাংলাদেশ পরিবারকে এবারের ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে জয়ী সবার পক্ষ থেকে শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ।
সভাপতি নির্বাচিত হলেন। আগামী দুই বছরের জন্য কীভাবে পরিকল্পনা সাজাচ্ছেন?
এই মুহূর্তে অনেক ধরনের সমস্যা রয়েছে। সব তো আর এখনই সমাধান করা সম্ভব নয়। কারণ সমস্যাগুলো দীর্ঘদিনের। নির্বাচনের আগেই বিষয়গুলো নিয়ে ভোটারদের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যা থেকে উত্তরণের জন্য আমার যেসব পরিকল্পনা ছিল, তা সবার পছন্দ হয়েছে বলেই এখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। নির্বাচনে আমি ১১ দফা পরিকল্পনা দিয়েছি। সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা থাকবে। তা ছাড়া আগের কমিটির বেশকিছু অসমাপ্ত কাজ আছে। সেগুলো সমন্বয় করে দ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করব।
নতুন দায়িত্বপ্রাপ্তিতে কোনো চ্যালেঞ্জ বোধ করছেন?
কিছুটা চ্যালেঞ্জ আছে, তা অস্বীকার করব না। তার মধ্যে দুটো চ্যালেঞ্জ একটু বেশি বড় বলেই ঠেকেছে আমার কাছে। নির্মাণসংশ্লিষ্ট মানুষ কাজের সময় যেসব সমস্যার মুখোমুখি হয়, সেগুলো সমাধান করা আমার প্রথম কাজ। পাশাপাশি টেলিভিশন নির্মাতাদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন, এ বিষয়টি নিয়েও নতুন কমিটি কাজ করবে।
নির্বাচনের আগে অনেকের অভিযোগÑ যারা নিয়মিত নাটক নির্মাণের সঙ্গে যুক্ত নন। এমন মানুষ এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন...
দেখুন, নির্বাচনের সময় অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা এই নির্বাচনেও হয়েছে। আমি বিষয়টি নিয়ে একদমই মাথা ঘামাইনি। কারণ যারা এমন দাবি করেছে, তা একেবারে অযৈাক্তিক। কেউ যদি কোনো নাটক নির্মাণ করে, তাহলে কেন সে আমৃত্যু নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে পারবে না। যদি কেউ একটি নাটকও নির্মাণ করে, তার অধিকার রয়েছে ভোট দেওয়ার। যেমন ধরুন ডিরেক্টরস গিল্ডের প্রথম সভাপতি মোস্তফা মনোয়ার কী খুব বেশি নাটক নির্মাণ করেছিলেন? ৩০ বছর নাট্য নির্মাণের সঙ্গে যুক্ত থেকেও তিনি হয়তো-বা তিন-চারটি নাটক বানিয়েছেন। তার যে পরিচালকসত্তা এই তিনটি নাটক প্রকাশের পর শেষ হয়ে গেছে? মোস্তফা মনোয়ার স্যার সে সময় এত সীমাবদ্ধতার মধ্যেও যে ‘রক্তকরবী’ নাটকটি নির্মাণ করেছেন, তেমন ধরনের নাটক না হলেও কেউ তার একটি কপি নির্মাণ করতে পারবে কি না সন্দেহ আছে। অনেকেই ভাবেন বেশি নাটক নির্মাণ করলেই ভোট দেওয়া যাবে। তারা হয়তো-বা নাটকের মানের চেয়ে সংখ্যায় বিশ্বাসী। সে কারণে এমন প্রসঙ্গ একেবারে অবান্তর বলে আমি মনে করি।
নতুন কমিটির প্রথম কার্যক্রম কী হতে যাচ্ছে...
আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হবে। এরপর বর্তমান কমিটি আমাদের কাছে দায়িত্ব হস্তান্তরের করবে। তখন সবার মতামতের ভিত্তিতে পরিকল্পনা করব আমাদের প্রথম কার্যক্রম কী হতে যাচ্ছে। তাই এখনই বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না।
এবার মঞ্চনাটক প্রসঙ্গে আসা যাক। প্রাঙ্গণেমোর নাট্যদলের নতুন কোনো প্রযোজনা নির্দেশনা দিচ্ছেন?
মঞ্চের জন্য কাজ শুরু করেছি। উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’ নিয়ে কাজ করছি। এ বছর নাটকটি মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা আছে।