বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩০ পিএম
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার আর নেই। আজ ৪ সেপ্টেম্বর, সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার মৃত্যু শোক নেমেছে সংস্কৃতি অঙ্গনে।
এই কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করছেন সংগীত, চলচ্চিত্রসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ।
অনেকে ছুটে এসেছেন গাজী মাজহারুল আনোয়ারের বাসায়, তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন। মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন অভিনেত্রী সুচরিতা। তিনি সকাল থেকে ২টা পর্যন্ত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের বাসায়। বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন।
কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী এ সময়। কথাই বলতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে বলেন, ‘বাবার মতো মানুষটিকে নিয়ে এভাবে কোনোদিন কথা বলতে হবে ভাবিনি। আমাকে সুচরিতা তৈরি করেছেন গাজী ভাই। গাজী মাজহারুল আনোয়ার, দিলীপ বিশ্বাসদের জন্যই আজ আমাকে সবাই সুচরিতা হিসেবে চেনে।
উনাকে হারিয়ে ফেলা মানে অভিভাবক হারিয়ে ফেলা। আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই গাজী মাজহারুল আনোয়ারের জন্য দোয়া করবেন।’
প্রবা/এলএ /এসআর