প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:৩৩ পিএম
দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সারা বছর গান নিয়ে তার ব্যস্ততা। এবার তিনি গাইবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে। বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তিনি গান পরিবেশন করবেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গাইতে আসেননি এই গুণী সংগীতশিল্পী। তবে এবার প্রথমবার এই মঞ্চে গাইবেন।
এদিকে কিছুদিন আগে নারী দিবসে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন। তিনজন সফল নারীর সমন্বয়ে নির্মিত এই গানের সুর করেছেন রীনাত ফওজিয়া এবং গানের কথা লিখেছেন তাহেরা আফরোজ। গানটির মিউজিক করেছেন এজাজ ফারাহ।
মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন গানটির গীতিকার তাহেরা আফরোজ। এর মূল চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী মাহিমা সুলতানা মাখনুন। তার সঙ্গে জুটি হয়েছেন মডেল এবং টিভি নিউজ প্রেজেন্টার ইফতেখার আলম।
পাশাপাশি সম্প্রতি সাবিনা ইয়াসমীন আকাশ মাহমুদের সুরে গান গেয়েছেন। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। তবে বিস্তারিত আপাতত বলা নিষেধ। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত আকাশ মাহমুদ। তিনি বলেন, যখন মিউজিক ডিরেকশন শুরু করেছিলাম তখন কল্পনাতেও ভাবার সাহস পাইনি কখনও শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীন ম্যাম তার হাত আমার মাথায় রাখবেন। আমার সুর এবং সংগীত আয়োজনে কোনো গান ম্যাম গাইবেন! সেই স্বপ্ন পূরণ হলো! কিংবদন্তি গাইলেন আমার সুর ও সংগীতে। হারমোনিয়ামে যখন ম্যামকে গানটি তুলে দিচ্ছিলাম বারবার গায়ে কাঁটা দিচ্ছিল! রেকর্ডিংয়ের সময় অবাক হয়ে সেই চেনা কণ্ঠ শুনলাম যা এখনও আগের মতোই আছে। আমি গর্বিত।
প্রসঙ্গত, বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। ক্যারিয়ারে ১২ হাজারের মতো গানে কণ্ঠ দিয়েছেন। অর্জন করেছেন নামিদামি দেশি-বিদেশি বহু সম্মাননা।