বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:২০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৬ পিএম
কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার আর নেই। আজ ৪ সেপ্টেম্বর, সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার মৃত্যু শোক নেমেছে সংস্কৃতি অঙ্গনে।
জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার দেশে নেই। তিনি দেশে ফিরলেই তার বাবার মরদেহ সমাহিত করা হবে।
প্রয়াত এ গীতিকবির দুই সন্তান উপল ও দিঠি। শেষ বিদায়ে কবির সঙ্গে পুত্র উপল থাকলেও যুক্তরাষ্ট্রে আছেন কন্যা গায়িকা দিঠি।
জীবদ্দশায় এই কন্যাই ছায়া হয়ে থাকতেন বাবার। মৃত্যুকালে সেই কন্যাকে পাশে পাননি গাজী মাজহারুল আনোয়ার। তাই মেয়ের ইচ্ছে বাবাকে শেষ দেখা দেখবেন।
এজন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিঠি ফিরলেই কিংবদন্তিকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হবে। আপাতত হাসপাতালের হিমঘরে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ।
গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘আমরা আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে দিঠি ঢাকায় পৌঁছাবে। ও আসার পরই বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে।’
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রবা/এলএ /এসআর