প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৩:৪৯ পিএম
ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এর বাংলা সংস্করণে টলিউডের নায়িকা হিসেবে টানা তিন আসরে সেরা অভিনেত্রীর পদকটি ঘরে তুলে নিয়েছিলেন ঢাকার মেয়ে জয়া। এর মধ্যে দুবার জনপ্রিয় বিভাগে পুরস্কৃত হয়েছেন তিনি। শেষবার সমালোচক বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন।
নতুন খবর হলো, আবারও ফিল্মফেয়ার বাংলায় সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া।
এবার জয়া মনোনয়ন পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমায় অভিনয়ের জন্য। সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকায় আছে তার নাম। তার সঙ্গে এ লড়াইয়ে এবার রয়েছেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও পিয়ালি সামান্তা।
ভক্তরা এরই মধ্যে প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন টানা চারবার ফিল্মফেয়ারে নাম ওঠায়। অভিনেত্রীও আশাবাদী, গেল তিন আসরের মতো এবারও পুরস্কারটি ঘরে তুলবেন তিনি। আর এটি হবে একটি বিরল রেকর্ড।
আজ (১০ মার্চ) কলকাতায় একটি রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে। জয়া প্রস্তুতি নিচ্ছেন আয়োজনটির লালগালিচা মাতানোর।
জয়া বলেন, ‘যারা মনোনয়ন পেলেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। দেখা যাক কী হয়। পুরস্কার পেলে তো ভালোই লাগে। উৎসাহ পাই কাজের। আর এ পুরস্কারটি তো বেশ সম্মানজনক।’
জয়া আহসান ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৭’ আসরে কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ দিয়ে সেরা অভিনেত্রী হন। এরপর দুই বছর এ আসরটি বন্ধ ছিল। ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফের পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জয় করেন।
টানা তিনবারই ফিল্মফেয়ার বাংলা ঘরে তোলেন জয়া আহসান।
আরও পড়ুন: মুক্তি পেল 'একটি না বলা গল্প'
এর আগে ২০১৪ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ এবং ২০১৬ সালে একই নির্মাতার ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী। তবে সে বছরগুলোয় পুরস্কৃত হননি।
ঢাকা-কলকাতার সিনেমা মাতিয়ে জয়া এখন কাজ করছেন বলিউডেও। সম্প্রতি শেষ করে এলেন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমার কাজ। এ ছবির গল্প ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী।