প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৫:০৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৫:১৭ পিএম
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির সিদ্ধান্তের শুরু থেকে ঘোর বিরোধিতা করছেন তিনি। সম্প্রতি এফডিসির সব সংগঠনের মতামতে যখন সিদ্ধান্ত হলো, শর্ত মেনে বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি পাবে, এমনকি মৌখিকভাবে ব্যাপারটি আমলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়। ঠিক তখন থেকেই জায়েদ খানের একটাই বক্তব্য ছিল। তা হলো, তিনি এ দেশে হিন্দি ছবি মুক্তির বিপক্ষে। তিনি মনে করেন, হিন্দি ছবি না এনে আমাদের উপযুক্তভাবে তৈরি করা উচিত।
এদিকে বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র প্রদান অনুষ্ঠানের মঞ্চে একা পারফর্ম করবেন জায়েদ। অনুষ্ঠানটি সফল করতে আয়োজক কমিটিতে আছেন তিনি নিজেই।
আগের দিন বুধবার মহড়ায় অংশ নিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জায়েদ হাজির হয়েছিলেন। সেখানে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমিতির চেয়ারের আগে শিল্পী হিসেবে আমার অনেক অর্জন। সে কারণে জাতীয়ভাবে আয়োজিত এমন কমিটিতে থাকতে পারছি।
জায়েদ জানান, এফডিসি থেকে এ কমিটিতে আছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, মৌসুমীসহ অনেকে। তিনি জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এককভাবে নাচবেন ‘পিচঢালা এই পথটাকে ভালোবাসেছি’ গানটিতে।
মহড়ার ফাঁকে জায়েদের সঙ্গে কথা হয় বাংলাদেশে হিন্দি ছবির মুক্তি প্রসঙ্গে। তিনি বলেন, দেশি সংস্কৃতির বিকাশলাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সব সময় চাইব হিন্দি ছবি যাতে না আসে।
জায়েদ আরও বলেন, গত ১৬ দিন মুম্বাই ছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোয় হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।
জায়েদ মনে করেন, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এ দেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, পাঠান এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত? আর আমাদের দেশে হল নামে যেসব গোডাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সব ফ্লপ গেছে।