প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৩:৪৫ পিএম
নব্বই দশকের সাড়া জাগানো সংগীতশিল্পী আতিক বাবু। ১৯৯২ সালে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছিল তার প্রথম একক অ্যালবাম। এরপর আরও পাঁচ-ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। কণ্ঠ দিয়েছেন বেশ কিছু মিঙড অ্যালবামে। বিশেষ করে আসিফ আকবর-পিয়াল হাসানের সঙ্গে তার কয়েকটি অ্যালবাম পায় তুমুল জনপ্রিয়তা।
তবে নানান কারণে সংগীত থেকে অনেকটা দূরে চলে যান এই অঙ্গনের প্রিয় মুখ আতিক বাবু। সম্প্রতি আবারও সরব হয়েছেন তিনি। এসেছে কিছু নতুন গান।
এবার তিনি জানালেন, দীর্ঘ ১৮ বছর পর টিভিতে গান গাইতে চলেছেন এ গায়ক।
নাগরিক টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক ক্যাফে লাইভ’- এ গাইবেন আতিক বাবু। এখানে তিনি পরিবেশন করবেন তার জনপ্রিয় কিছু গান।
আতিক বাবু বলেন, ‘১৮টি বছর কিন্তু অনেক সময়। এ দীর্ঘ সময়টাতে আমি টিভিতে গাইনি। গান থেকেও ছিলাম দূরে। এখন আবার নিয়মিত হয়েছি। তাই ভাবছি টিভির অনুষ্ঠানগুলোতেও অংশ নেবো। আগামীকাল শুক্রবার রাত ৯টায় থাকব নাগরিক টিভির ‘মিউজিক ক্যাফে লাইভ’- এ। সবাইকে গান শোনার আমন্ত্রণ রইলো।’
এদিকে গায়ক জানালেন, আরও কিছু নতুন গান নিয়ে পরিকল্পনা করছেন তিনি।