× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরকুট ছেড়ে নতুন দল গড়ছেন ইমন চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৩:০৭ পিএম

চিরকুট ছেড়ে নতুন দল গড়ছেন ইমন চৌধুরী

নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিরকুট ব্যান্ডের সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করেছেন দেশের আলোচিত মিউজিশিয়ান ইমন চৌধুরী। এখন থেকে তিনি আর দলটির সঙ্গে নেই। চিরকুটের হয়ে কোনো কনসার্টে আর বাজাতে দেখা যাবে না তাকে। এ বিষয়টি এখন পর্যন্ত অবশ্য ইমন বা চিরকুট কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে নির্ভরযোগ্য সূত্র এমনটাই নিশ্চিত করেছে।

সূত্র বলছে, আনুষ্ঠানিক ঘোষণার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ চিরকুট চাইছে ইমনকে ধরে রাখতে। আবার ইমন ব্যস্ত তার নিজের একটি ব্যান্ড তৈরি করা নিয়ে। তাই দুই পক্ষই চুপ রয়েছে।

গেল সপ্তাহে ইমনের ‘চিরকুট’ ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিদিনের বাংলাদেশ যোগাযোগ করলে দলটির প্রধান শারমিন সুলতানা সুমি বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আমরা একসঙ্গে ১৩-১৪ বছর ধরে কাজ করছি। ও এখন একটু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিধায় আমরা ইমনকে বিরক্ত করছি না। ও নিজের মতো কাজ করুক। তার প্রজেক্টগুলো শেষ হলে আমরা সবাই আবার এক হয়ে ব্যান্ডে কাজ করব। এ ছাড়া তার ব্যস্ততার জন্য আমরা বেশ কিছু শো ওকে ছাড়াই করেছি। কারণ আমাদের তো শো চালিয়ে যেতে হবে। এর আগেও বেশ কয়েকবার ইমনের ব্যান্ড ছাড়া নিয়ে গুজব উঠেছিল। এগুলো নিছক গুজব। গুজবে কেউ কান দেবেন না।’

কিন্তু এদিকে ইমনের চিরকুট ছেড়ে দেওয়ার বিষয়টি ফেসবুকে ব্যান্ড মিউজিক নিয়ে নানা গ্রুপে বেশ আলোচনা হচ্ছে। যেখানে অনেকেই ইমনের চিরকুট ছাড়ার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিচ্ছেন।

একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, ইমনের চিরকুট ছেড়ে দেওয়ার বিষয়টি আলোচনায় নতুন হলেও এই ঘটনা পুরনো। তিনি নিজের ব্যক্তিগত কাজ নিয়ে অনেক আগে থেকেই ব্যস্ত সময় পার করছেন। যার প্রমাণ সম্প্রতি চোখে পড়ার মতো। বিশেষ করে চলচ্চিত্রের গানের জন্য বলা যায় তিনিই এখন সবচেয়ে ব্যস্ত সংগীত পরিচালক। চিরকুটের শোতে ইমন না থাকলেও তিনি আলাদাভাবে কিন্তু কনসার্ট করছেন। যদি কনসার্ট করতেই হয়, তাহলে ব্যান্ডের সঙ্গে না করে আলাদা কেন করছে? সেই প্রশ্ন থেকেই শুরু হয় চিরকুট থেকে ইমনের বেরিয়ে যাওয়ার গুঞ্জন।

আরও পড়ুন: মেঘলা হয়ে আসছেন মিথিলা

সম্প্রতি ইমন চৌধুরী চাঁদপুরে কনসার্ট করে এসেছেন। যার ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন তিনি। যেখানে তিনি কনসার্টের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনের শুরুতে কবির বকুল ও সাব্বির আজমকে ধন্যবাদ দিয়ে ইমন লেখেন, ‘চাঁদপুর সরকারি কলেজের “৭৫ বছর পূর্তি”অনুষ্ঠানে আমাদের পারফর্মেন্সের কিছু ছবি।’ এরপর ভালোবাসার ইমোজি দিয়ে তিনি ভালোবাসা জানিয়ে আরো লেখেন, ‘শ্রদ্ধেয় কবির বকুল ভাই ও সাব্বির আজম ভাইয়ের প্রতি আজীবনের কৃতজ্ঞতা।’

তবে আলোচনায় আসে ক্যাপশনে দেওয়া তার হ্যাশট্যাগের বিষয়টি। যেখানে তিনি উল্লেখ করেন, ‘#Emon_Chowdhury_And_Team’। এরপর আরও লেখেন, ‘সাউন্ড অব বাংলাদেশ।’

মূলত এই হ্যাশট্যাগেই নিজের নতুন দলের নামের দিকে ইঙ্গিত করেছেন ইমনÑ এমন দাবি করছেন অনেকে। ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ নিয়ে এরই মধ্যে কনসার্ট শুরু করেছেন ইমন চৌধুরী। জানা গেল, তার দলে থাকবেন ‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী আরফান মৃধা শিবলু। মাশা ইসলাম, মিঠুন চাকরা, আকাশ জায়ানসহ প্রায় ১৫ জনের মতো মিউজিশিয়ানকে দেখা যাবে এই গানের দলে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা