বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩ পিএম
চলতি বছর বেশির ভাগ বলিউডের সিনেমা বক্স অফিসে মুখথুবড়ে পড়েছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া টু’ সিনেমাটি। আনিস বাজমি পরিচালিত এই ছবি প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করেছে।
বলিউডে যখন একের পর এক বড় তারকারা ব্যর্থ হচ্ছেন তখন কার্তিকের হাত ধরে সাফল্যের মুখ দেখল হিন্দি সিনেমার বাজার। তার ছবিটি হলে প্রত্যাশারও বেশি দর্শক টেনেছে।
সিনে পর্দায় তুমুল সাফল্যের পর ‘ভুলভুলইয়া টু’ এবার কমিকসে উঠে আসছে। কারণ এর অভিনেতা কার্তিক আরিয়ান বড়দের পাশাপাশি ছোট ভক্তদের কাছেও বেশ জনপ্রিয়। এবার সেই খুদে ভক্তদের জন্য ‘ভুলভুলাইয়া টু’-কে কমিক বুক সিরিজে নিয়ে আসা হচ্ছে।
ডায়মন্ড কমিকসের সঙ্গে টিসিরিজ ও সিনেওয়ান স্টুডিও এই বইয়ের পরিবেশনার দায়িত্বে রয়েছে। কার্তিক অভিনীত চরিত্রের আদলে এই বইয়ের নাম ‘রুহ বাবা কি ভুলভুলাইয়া।’
এই খবর জেনে দারুণ উচ্ছ্বসিত কার্তিক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রুহ বাবা আর তার কাহিনি এবার কমিকসের ভুলভুলাইয়ায়। এ আমার খুদে ভক্তদের জন্য।’
এদিকে সামনে কার্তিককে শশাঙ্ক ঘোষের ‘ফ্রেডি’ আর রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ ছবিতে দেখা যাবে।
প্রবা/এসএস/এলএ/ এসআর