বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৬ পিএম
নতুন করে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অনুদান দিয়েছে সরকার। সিনেমা দুটি প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম 'চাদর'।
৭০ লাখ টাকা বাজেটের এ ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজু।
আজ ১ সেপ্টেম্বর তিনি এফডিসিতে আলাপকালে এ প্রতিবেদককে জানান, তার সিনেমায় নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সাইমন সাদিক। এতে তার বিপরীতে দেখা যাবে সময়ের দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলীকে। 'চাদর' দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধবেন সাইমন-বুবলী।
জাকির হোসেন রাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'গল্প ও চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি আমি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি, তারা তাদের অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।'
তিনি আরও বলেন, আজ সাইমন-বুবলীর সঙ্গে চূড়ান্তভাবে চুক্তি হয়েছে এফডিসির কার্যালয়ে। তারা ছাড়াও ছবিতে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, মুনীরা মিঠুসহ অনেকেই।
এ সিনেমায় কাজ করা প্রসঙ্গে নায়ক সাইমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'আমার ওস্তাদের সিনেমা, এখানে কাজ করাটা আমার জন্য সবসময়ই স্পেশাল। ওস্তাদের সিনেমা দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। উনার 'পোড়ামন' দিয়ে ক্যারিয়ারের সেরা হিট সিনেমাটি পেয়েছি। আবার ওস্তাদের সিনেমায় কাজ করার সুযোগ এলো। সেটাও এফডিসির প্রযোজনায়। নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। আমি চেষ্টা করব আমার ওপর আস্থার প্রতিদান দিতে।'
নায়িকা বুবলীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এ নায়ক বলেন, 'বুবলী এ সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। তার সঙ্গে কোনো ছবিতে একক নায়ক হিসেবে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি, আমাদের স্ক্রিন কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের।'
বুবলী বলেন, 'দীর্ঘ ৩৫ বছর পর বি এফ ডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) প্রযোজিত, স্যার জাকির হোসেন রাজু পরিচালিত সরকারী অনুদানপ্রাপ্ত সিনেমায় সুযোগ পেয়ে আমি আনন্দিত।
অসংখ্য ধন্যবাদ বিএফডিসির শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর নুজহাত ইয়াসমিন ম্যাম এবং সম্মানিত সকল কলাকুশলীসহ পুরো 'চাদর' টিমকে আমাকে এভাবে সম্মান দিয়ে তাদের সাথে যুক্ত করার জন্য।'
পরিচালক জাকির হোসেন রাজু জানান, আগামী ১০-১২ সেপ্টেম্বর 'চাদর' ছবির শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে এ সিনেমা।
প্রবা/এলএ/এমআই