প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম
মাকে হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা তৃপ্তি কন্যা আঢ্যর সঙ্গে দুটি ছবি শেয়ার করে সেই খবর জানালেন অভিনেত্রী। সোমবার কলকাতার হাওড়ায় সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই দুঃসংবাদ শেয়ার করেছেন অভিনেত্রী অপরাজিতা নিজেই।
ফেসবুক ও ইনস্টাগ্রামে অপরাজিতা লিখেছেন, ‘মা আজ সকাল ৯টা ৩০ মিনিটে চলে গেলেন। অখণ্ড শাসন দণ্ড ত্রস্ত হলো তার… মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অপরাজিতার মা। ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। মায়ের মৃত্যু সংবাদ দেয়ার পর থেকেই অপরাজিতাকে স্বান্তনা দিচ্ছেন বন্ধু-স্বজন থেকে শুরু করে অভিনয় জগতের সহকর্মীরাও।
১৯৭৮ সালে জন্ম হয় অপরাজিতার। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেত্রীকে সেটে সঙ্গ দিতেন তার মা। শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ এসে অপরাজিতা জানিয়েছিলেন, ‘আমার মা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। বাবা বাড়িতে নেই। হঠাৎ একদিন মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যেতে হবে। তখনও এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিকেল কলেজে পৌঁছান। সঠিক সময়ের অনেক আগে আমার জন্ম। তারপর সাড়ে ৩ মাসের লড়াই। মা যখন আমাকে বাড়ি নিয়ে এলেন, এত লড়াই করে যে মেয়ে বেঁচেছে, তার নাম রাখলেন অপরাজিতা।’