বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৮ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৮ পিএম
ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়েও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখনও হাউসফুল শো যাচ্ছে অনেক সিনেমা হলে।
সিনেমাটি চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলে নতুন হাওয়া এনেছে।
ছবিটিকে ঘিরে অনেক আগ্রহ তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যেও। সেই আগ্রহ থেকেই ‘পরাণ’ এবার বিদেশেও মুক্তি পাচ্ছে।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় পরাণ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। বিদেশে সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’
যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেওয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’
বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর “পরাণ” সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’
পরাণ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। এতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।
প্রবা/এলএ/এমজে