প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম
বছরের শুরুতেই পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন। সারোগেসির সাহায্যে প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখান প্যারিস ও তার স্বামী কার্টার রেউম। ৪১ বছর বয়সে প্রথমবার মাতৃত্বের স্বাদ পাওয়া এই অভিনেত্রী বরাবরই থাকেন গণমাধ্যমের আলোচনায়।
সম্প্রতি তিনি হলিউডভিত্তিক একটি গণমাধ্যমে নিজের ভয়ংকর অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন। ঘটনটি ২২ বছর আগের হলেও বিষয়টি এখনও হলিউডের টক অব দ্য টাউন।
সাক্ষাৎকারে প্যারিস হিলটন হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইনকে নিয়ে কথা বলেছেন। অভিনেত্রীর দাবি, ২০০০ সালের কান চলচ্চিত্র উৎসবে তাকে যৌন হয়রানি করেছিলেন হার্ভে। প্যারিস বলেন, ‘আমার বয়স তখন মাত্র ১৯। আমি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগদান করার জন্য অনুষ্ঠানের ভেন্যুতে যাই। এরপর এইডস নিয়ে গবেষণার জন্য ‘আমফার’ (ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ) সেন্টারে যাই। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন অভিযুক্ত এই প্রযোজক। এরপর আমি তার সঙ্গে দেখা করি। আমি আমার বন্ধুদের সঙ্গে লাঞ্চ করার প্রস্ততি নিচ্ছিলাম। আমরা যে টেবিলে বসি, তিনিও সেই টেবিলে ছিলেন। আমাকে দেখে কোনোকিছু জিজ্ঞেস করার আগেই প্রশ্ন করেন তিনি, ‘আচ্ছা আপনি তো অভিনেত্রী হতে চান?’
তার প্রশ্নের জবাবে আমি উত্তর দেই, ‘হ্যাঁ, আমি অভিনেত্রী হতে চাই।’ তখন বয়সে আমি একদমই তরুণ। তাই হার্ভের মতো তারকা প্রযোজক দেখে বেশ উচ্ছ্বসিত ছিলাম। এরপর তিনি আমাকে পার্সোনাল মিটিং করার প্রস্তাব দেন। বলেন, ‘তাহলে আপনি সময় করে আমার রুমে চলে আসুন। আমার কাছে বেশকিছু স্ক্রিপ্ট রয়েছে, সেখান থেকে আপনি একটি পছন্দ করে কাজ শুরু করতে পারেন।’ তার এই প্রস্তাবটি আমার কাছে খুব একটি ভালো লাগেনি। তাই আমি তাকে না করে দেই।’
এরপর হিলটন তার অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমার না বলাটি হার্ভে উইনস্টেইনের পছন্দ হয়নি। তিনি বেশ অপমানিত বোধ করেন। তাই দুপুর থেকে আমাকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা নাগাদ আমি যখন উৎসব ভেন্যুর ওয়াশরুমে ফ্রেশ হতে যাচ্ছিলাম, ঠিক তখন তিনি জোর করে আমার ওয়াশরুমে ঢুকে যান এবং আমার সঙ্গে উঁচু গলায় চেঁচামেচি করতে থাকেন। তার আচরণ দেখে আমি ভয় পেয়ে যাই। তিনি আমাকে চিৎকার করে বলতে থাকেন, ‘তুমি কি স্টার হতে চাও না?’
তার এমন উত্তরে আমি মুখের ওপর ‘না’ বলে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপরও তিনি আমার সঙ্গে জোর করতে থাকেন। তার এমন আচরণে আতঙ্কিত হয়ে আমি উপস্থিত নিরাপত্তাকর্মীদের চিৎকার করে ডাকতে থাকি। নিরাপত্তাকর্মীরা এসে তাকে ধরে নিয়ে যায়, কিন্তু তিনি তখনও চিৎকার করতে থাকেন। আমাকে গালিগালাজ করে বলছিলেন, ‘আমি এই অনুষ্ঠানের প্রধান। আমি তোমাকে দেখে নেব। কীভাবে তুমি কাজ করো দেখব।’ সেদিনের সেই অভিজ্ঞতা এখনও আমাকে বিব্রত করে।’
হলিউডের অন্যতম শক্তিশালী প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে এর আগে বেশকিছু যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ ওঠে। ২০২০ সালে একটি অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। সে সময় ৭০ বছর বয়সি এই প্রযোজকের বিরুদ্ধে তারই সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। এ দুই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায় নিউইয়র্ক পুলিশ। মামলাটি এখনও চলমান রয়েছে। এর মাঝেই তার বিরুদ্ধে প্যারিসের এমন অভিযোগ নতুন করে আবার আলোচনার জন্ম দিয়েছে।