× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসুন্দরের জুটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৫ পিএম

নরসুন্দরের জুটি

অভিনয়ের আঙিনায় জনপ্রিয় নাম সানজিদা প্রীতি। সব ধরনের চরিত্রের প্রতিই আগ্রহ আছে এই অভিনেত্রীর। নিজেকে বৈচিত্র্যময় চরিত্রে হাজির করতে পছন্দ করেন তিনি। সর্বশেষ বেশ আলোচনায় এসেছিলেন ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় উকিলের চরিত্রে অভিনয় করে।

সেই চরিত্রটি বেশ প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচকদের কাছে। অভিনয়ের মুন্সিয়ানা তিনি দেখিয়েছেন হইচইয়ের ওয়েব সিরিজ ‘তাকদীর’- এও। খানিকটা বেছে বেছে অভিনয় করা সানজিদা প্রীতিকে এরপর উল্লেখ করার মতো কাজে আর দেখা মেলেনি। তবে এখন থেকে নিয়মিত তার দেখা মিলবে বিটিভির পর্দায়। সম্প্রতি তিনি শুটিং করেছেন নতুন ধারাবাহিক ‘নরসুন্দর’-এ। এটি প্রচার হতে যাচ্ছে আগামীকাল থেকে। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়। 

এ নাটকে সানজিদা প্রীতির বিপরীতে দেখা যাবে সাজু খাদেমকে। দুজনের দাম্পত্যের গল্প উঠে আসবে নাটকটিতে। এতে অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন, ‘যেকোনো চরিত্রে আমি আনন্দ নিয়ে কাজ করি। চেষ্টা করি চরিত্রটা ফুটিয়ে তুলতে। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। বেশ চমৎকার একটি গল্প। নানা রকম বার্তা আছে, বিনোদনও আছে।’

বাংলাদেশ টেলিভিশনের নতুন ধারাবাহিক ‘নরসুন্দর’ রচনা করেছেন মাতিয়া বানু শুকু। এটি নির্মাণ করেছেন আফরোজা সুলতানা। সানজিদা প্রীতি ও সাজু খাদেম ছাড়াও ‘নরসুন্দর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সুজাত শিমুল, জয়রাজ, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ, বাপ্পি আশরাফ, নাইরুজ সিফাত, টুনটুনি সুবহান, শারমিন ইতি, পার্শা, শাহাদাৎ হোসেন, রফিক প্রমুখ। 

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, নূরু একজন নাপিত, সে নিজেকে শুদ্ধ বাংলায় বলে নরসুন্দর। তার সেলুনটার নামও ‘নরসুন্দর’। তবে মাঝেমধ্যে সে ভিআইপিদের বাড়িতেও যায় চুল কাটতে ও মাথা বানিয়ে দিতে। অনেকেই নূরুর কাছে চুল কাটার চেয়ে গল্প শুনতে বেশি আসে। নূরুও গল্প করতে ভালোবাসে। নূরুর গল্প শুনেই নূরুর সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিল সুইটি। নূরুর সেলুনে চুল কাটাতে আসে লেখক, কবি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, হিজড়া, পাতি মাস্তান থেকে শুরু করে হিরো হওয়ার বাসনালিপ্ত তরুণও। নূরুর সঙ্গে সবার গল্পের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই নিয়েই ‘নরসুন্দর’ ধারাবাহিকের গল্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা