× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্চে নতুন ৭ নাটক

সৌম্য প্রীতম

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম

মঞ্চে নতুন ৭ নাটক

করোনার কালো আঁধার পেরিয়ে মঞ্চপাড়া এখন বেশ সরগরম। তাই দলগুলো ব্যস্ত নতুন নাটক মঞ্চে নিয়ে আসার জন্য। এরই মধ্যে গত জানুয়ারিতে পুরোনো-নতুন বেশ কিছু নাটক প্রদর্শিত হয়েছে। এ ছাড়াও নাট্যোৎসবগুলোতেও ছিল নতুন নাটকের প্রদর্শনী। নতুন নাটকে মঞ্চপাড়ায় যেন প্রাণের সঞ্চার হয়েছে। সে ধারাবাহিকতায় মঞ্চায়িত হওয়ার অপেক্ষায় আছে নতুন ৭টি নাটক। 


গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয়েছে নাটক ‘কাজলরেখা’। মৈমনসিংহ গীতিকায় সংকলিত ‘কাজলরেখা’ কাহিনি অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। নাটকটি প্রথম বর্ষের প্রযোজনা হিসেবে মঞ্চায়িত হয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাব-৩ এ নাটকটির আরও একটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এদিকে আজ ও আগামীকাল তরুণ নির্দেশক খন্দকার রাকিবুল হক নির্দেশিত নাটক ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অব এনার্কিস্ট’ ও ‘আগুনপাখি’ প্রদর্শিত হবে। ইতালিয়ান নাট্যকার দারিও ফো রচিত ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অব এনার্কিস্ট’ আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে। হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আগামীকাল একই মঞ্চে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘আগুনপাখি’। দুটি নাটকই প্রযোজনা করছে ‘অন্তর্যাত্রা’। 


দীর্ঘদিন পর আবারও মঞ্চে সক্রিয় হচ্ছে নাট্যদল ‘থিয়েট্রেক্স’। প্রায় সাত বছর পর দলটি মঞ্চে নিয়ে আসছে নাটক ‘স্বর্ণবোয়াল’। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। এই নাটকে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, ওয়াহিদা মল্লিক জলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একঝাঁক তরুণ শিক্ষার্থী। ২৬ ফেব্রুয়ারি সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ আবারও মঞ্চায়িত হবে, তবে এর প্রদর্শনী হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। ইউসুফ হাসান অর্ক নির্দেশিত নাটকটিতে অভিনয় করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা। 

ওপেন স্পেস থিয়েটার চতুর্থ প্রযোজনা ‘আর্ট’ মঞ্চায়িত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চায়িত হবে। ফ্রান্সের জনপ্রিয় নাটকটি নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ আরিফুর রহমান। নাটকটির ব্যাপ্তি ১ ঘণ্টা ৩০ মিনিট। 

আগামী মাসের শুরুতেও ঢাকার মঞ্চ আলোকিত করবে নতুন নাটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘মাদার কারেজ। বার্ট্রল্ড ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। আগামী (৪ মার্চ) শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা