প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫০ পিএম
ভয়ংকর এক অভিজ্ঞতার শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বাসার ভেতর থেকে তার গোপন ছবি তুলে নেটমাধ্যমে ছেড়ে দিয়েছে ভারতের একটি অনলাইন পোর্টাল; যা নিয়ে বি-টাউনে শুরু হয়েছে উত্তেজনা। সহকর্মীরা আলিয়াকে সমর্থন করে জানাচ্ছেন প্রতিবাদ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আলিয়া তার নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। হুট করে তার চোখ চলে যায় পাশের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে। যেখানে তিনি দেখতে পান ছবি তোলার জন্য তার দিকে দুটি ক্যামেরা তাক করা আছে। বিষয়টি তিনি প্রথমে সাধারণভাবেই নিয়েছিলেন। এরপর যখন মুহূর্তেই নেটমাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে যায়, তখনই তিনি ক্ষেপে গিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই নিউজ পোর্টালের উদ্দেশে লেখেন, ‘এভাবে আমার সঙ্গে আপনারা মজা করতে পারেন না। নিজ বাড়ির বারান্দায় আপনাদের জন্য কি বসেও থাকতে পারব না? আমি আপনাদের দেখেই বুঝেছি কেউ আমার ওপর নজরদারি করছে। এরপর আমি পাশের বিল্ডিংয়ের ওপরের দিকে তাকাতেই দেখি যে দুজন মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাদের ক্যামেরার লেন্স আমাকে লক্ষ করেই রাখা। এ আচরণের মানে কী! এ ধরনের কাজের অনুমতি কেউ কি কখনও দেয়? এটা একজনের গোপনীয়তা হনন করা ছাড়া আর কিছু না। আপনাদের আর আমাদের মধ্যে এক সীমারেখা ছিল, যা আপনারা আজ অতিক্রম করে ফেলেছেন।’ পোস্টটি আলিয়া মুম্বাই পুলিশকে ট্যাগ দিয়ে তাদের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: অক্ষয়কে নিয়ে শুরু হলো ‘হেরা ফেরি ৩’র শুটিং
এ ঘটনায় আলিয়ার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশকিছু তারকা। তার মধ্যে অভিনেত্রী আনুশকা শর্মা ও জাহ্নবী কাপুর নিজেদের ইনস্টা আইডি থেকে একটি পোস্টও করেন। যেখানে আনুশকা লেখেন, ‘বছর দুয়েক আগে এরাই আমাদের সঙ্গেও এমন করেছিল। মানুষের গোপনীয়তা বিষয়ে কোনো সম্মান নেই এদের। একমাত্র সংবাদমাধ্যম, যারা এ কাজ করেই চলেছে।’ অভিনেত্রী জাহ্নবী কাপুর লেখেন, ‘অত্যন্ত নিন্দনীয় এবং বাজে আচরণ। আমিও এদের একাধিকবার নিষেধ করেছি, কিন্তু এরা আমার অনুমতি না নিয়েই আমার ছবি তুলতে থাকে। বিনা অনুমতিতে আপনারা যদি এভাবে আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েন, তা কখনই ঠিক নয়।’ এ ঘটনার নিন্দা করছেন অর্জুন কাপুর, মিনি মাথুর, ঋদ্ধিমা কাপুরের মতো অনেক তারকা।