প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৪ পিএম
বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে নাম লিখিয়েছিলেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নায়িকা হিসেবে পরিচিতি পান। প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেছেন ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ নামে সিনেমাগুলোয়।
‘দহন’ ছবির পর হঠাৎ করেই নিজেকে জাজ থেকে সরিয়ে নেন তিনি। দেখা যায়নি প্রতিষ্ঠানটির নতুন কোনো সিনেমায়। পরে জাজ ছেড়ে অন্য প্রডাকশন হাউসে ছবি করেন। সাফল্যের দেখা পাননি। বিভিন্ন ইস্যুতে একের পর এক সমালোচনায় পড়তে থাকেন। অবশেষে পূজা ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়েছিলেন।
সেই পোস্টে নায়িকা লেখেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।’
এরপর ক্ষমা চেয়ে পূজা চেরী আরও লেখেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
পূজার এমন স্ট্যাটাস মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে নেটিজেনরাও জানাতে থাকেন নিজেদের মতামত।
পূজার এই স্ট্যাটাসটি স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানায়, পূজা চেরীকে ক্ষমা করে দিয়েছে। পূজাকে উদ্দেশ্য করে লেখা আছে, মানুষ ভুল করে। কারণে করে, অকারণে করে।
জাজ আরও লিখেছে, ‘পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। জাজ পরিবারে পূজাকে শুভেচ্ছা।’
প্রসঙ্গত, ‘গলুই’ ছবির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও সেই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। ক’দিন ধরে নাটকের এক অভিনেতার সঙ্গে পূজার প্রেম ও ঘোরাঘুরির খবর কান পাতলেই শোবিজে শোনা যাচ্ছে। এর মধ্যে পূজা চেরী জাজে ফেরার জন্য অনুশোচনায় ভুগছেন।