প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৩ পিএম
২০১৮ সালে মুক্তি পায় করণ জোহর প্রযোজিত 'ধড়ক' সিনেমা। এটি পরিচালনা করেন শশাংক কাইনাত৷ এ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর ও শহিদ কাপুরের ভাই ঈশান খাট্টার।
'ধড়ক' ছিল ২০১৬ সালে মুক্তি পাওয়া 'সাইরাত' সিনেমার রিমেক। পাঁচ বছর পর আবারও তামিল সিনেমার রিমেক নিয়ে আসতে চলেছেন করণ। এবার তিনি বেছে নিয়েছেন দক্ষিণ ভারতের সুপারহিট 'ঝিম্মা' সিনেমাকে।
পিংকভিলাসহ বলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে৷ খবরে বলা হয়েছে, এ ছবিতে করণ জোহর এক ফ্রেমে নিয়ে আসবেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান ও নীনা গুপ্তাকে। বলার অপেক্ষা রাখে না, এই খবর হিন্দি সিনেমার আঙিনায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে বলিউড হাঙ্গামা বলছে, করণ জোহর ২০২১ সালে মুক্তি পাওয়া 'ঝিম্মা' রিমেক করার কথা ভাবছেন। সিনেমাটি নির্মাণের ব্যাপারে গেল বছরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এবং শিল্পী বাছাই হলে এবার দ্রুতই ধর্ম প্রোডাকশনের ব্যানারে এর শুটিং শুরু করতে চান তিনি।
২০১৯ সালের ১৯ নভেম্বর দক্ষিণ ভারতে মুক্তি পায় 'ঝিম্মা'। এতে নারীদের নানা অনুভূতি ও সাফল্যের গল্প উঠে এসেছিল। এবার সেই চরিত্রগুলোতে দেখা যাবে মাধুরী, বিদ্যা ও নীনাকে।
তবে করণ জোহর বা তার ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।