প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪২ পিএম
সাম্প্রতিক সময়ে হলিউডে জনপ্রিয় তারকাদের তালিকায় ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনের অবস্থান বেশ ওপরের দিকে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ব্ল্যাক অ্যাডাম’সহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার এই তারকা জনি ডেপের ফ্র্যাঞ্চাইজিতে হানা দিতে যাচ্ছেন। হলিউডের অন্দরমহলের খবর, নতুন জ্যাক স্প্যারো হচ্ছেন ডোয়াইন জনসন।
বেশ কিছু হলিউড গণমাধ্যম ফলাও করে গতকাল প্রচার করেছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ন’ সিনেমায় যুক্ত হচ্ছেন ডোয়াইন। শুধু তাই নয়, জ্যাক স্প্যারোর ভূমিকায় জনি ডেপকে সরিয়ে ডিজনি সম্প্রতি এই অভিনেতার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে।
২০০৩-২০১৭ সাল পর্যন্ত পাইরেটস অব দ্য ক্যারিবিয়নের মোট পাঁচটি কিস্তিতে অভিনয় করেছেন জনি ডেপ। প্রতিটি সিনেমা বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি জনি ডেপের অভিনয়ও হয়েছিল প্রশংসিত। তবে গত দুই বছর সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলায় জড়িয়ে বেশ বিপাকে পড়েন এই অভিনেতা। মামলার শুরুর দিকে জনি ডেপকে অনেকেই দোষারোপ করেছিলেন। সে সময় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ন সিনেমা থেকেও বাদ দেওয়া হয় তাকে। পরে মিথ্যা মামলা থেকে মুক্তি পান ডেপ। পরে ডিজনি থেকে তাকে আবারও জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিতও হয়। জানা যায়, শুরুতে জ্যাক স্প্যারো থেকে বাদ দেওয়া নিয়ে বেশ নাখোশ হয়েছিলেন ডেপ। তাই তিনি ডিজনির প্রস্তাব ফিরিয়ে দেন।
এর পরই জল্পনা শুরু হয় নতুন জ্যাক স্প্যারো কে হচ্ছেন। বেশ কিছু নাম অবশ্য এর মধ্যে এসেছিল আলোচনায়। তবে ডোয়াইন জনসনের নামই সবচেয়ে বেশি সামনে আসে। গত পরশু বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটি দাবি করে, দ্য রককে দেখা যাবে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ন সিনেমার নতুন কিস্তিতে। তবে এ বিষয়ে ডোয়াইন জনসন কিংবা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।